চারটে ডিম আর ৬ প্যাকেট দুধ নিয়ে তুলকালাম! ‘বিগ বস’ হাউজে কাকে নিয়ে গান বেঁধে ভাইরাল হলেন ঝিলম?

‘বিগ বস’-এর ঘরে আবারও ডিম নিয়ে চরম হুলুস্থুল! কিছুদিন আগেই তনুশ্রী রায় দাস চারটে ডিম খেয়ে ফেলেছেন বলে মারাত্মক গোল বাঁধিয়েছিলেন রাজবীর দে। আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ‘বিগ বস বাংলা’য়। শো শুরু হওয়ার পর থেকেই ঘরের ভেতর নানা ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজনা লেগেই রয়েছে, আর এবার সেই আগুনে ঘি ঢালল প্রাতরাশ বা ডিমের বাটোয়ারা নিয়ে বচসা।
এদিন প্রতিযোগীদের মধ্যে ডিমের হিসাব নিয়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। সকলের পাতে সমান সংখ্যক ডিম পড়ছে কি না এবং কীভাবে তা ভাগ করা হবে, তা নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন রাজবীর দে, ভরত কল, তনুশ্রী রায় দাস ও অন্যান্যরা। সম্প্রতি বিগ বসের একটি পর্বে দেখা গিয়েছিল, তনুশ্রী তাঁর নিজের ভাগের দু’টোর পাশাপাশি নন্দিনীর ভাগের দু’টো ডিমও খেয়ে ফেলায় বেজায় চটে যান রাজবীর। প্রতিবাদে তিনি ৪ প্যাকেট দুধের জায়গায় ৬ প্যাকেট দুধ তুলে নিয়ে চলে যান। পরে সিনিয়র অভিনেতা ভরত কল মধ্যস্থতা করে নিজের ভাগের ডিম রাজবীরকে দিয়ে পরিস্থিতি সামাল দেন এবং দুধের প্যাকেট যথাস্থানে ফিরিয়ে দেওয়া হয়।
তবে এই ধুন্ধুমার কাণ্ডের মাঝেই ঝিলম একটি মজার গান বেঁধে ফেলেন রাজবীরকে নিয়ে, যা মুহুর্তের মধ্যে দর্শকদের নজর কেড়ে নেয়। ঝিলমের সেই ছড়া কেটে গাওয়া গানে হেসে গড়িয়ে পড়েন সায়ক চক্রবর্তী, ভরত কল ও নিরঞ্জন মণ্ডলের মতো তারকারাও।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট থেকে মহাগুরু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে বহুচর্চিত ‘বিগ বস বাংলা’। দুর্নিবার সাহা, সোনামণি সাহা, মনামী ঘোষ, সৃজলা গুহ থেকে শুরু করে সায়ক চক্রবর্তী ও ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে আসা রাজবীর দে ও জীতু কামালের উপস্থিতি এই রিয়েলিটি শো-কে প্রতিদিন আরও বেশি জমজমাট করে তুলছে।