পাপড়ের মতো শক্ত রুটি আর নয়! মাত্র একটা ছোট্ট ভুলে নষ্ট হয় আটা, জেনে নিন তুলতুলে নরম করার জাদুকরী টিপস

গরম গরম নরম তুলতুলে রুটি পাতে পড়লে কার না ভালো লাগে! কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও অনেকের হাতেই রুটি পাথরের মতো শক্ত বা পাপড়ের মতো খসখসে হয়ে যায়। রান্নার এই নিত্যদিনের সমস্যার নেপথ্যে রয়েছে মূলত আটা বা ময়দা মাখার ভুলভাল পদ্ধতি। সামান্য কিছু কৌশল আর জলের সঠিক অনুপাত একটু শুধরে নিলেই এই সমস্যার চিরতরে সমাধান সম্ভব। জেনে নিন তুলতুলে ও মোলায়েম রুটি তৈরির সহজ কিছু জাদুকরী উপায়।
১. জলের নিখুঁত অনুপাত (২:১ ফর্মুলা)
খুঁতহীন রুটি তৈরির সবচেয়ে বড় শর্ত হলো আটা এবং জলের সুনির্দিষ্ট মাপ। অভিজ্ঞ রাঁধুনিদের পরামর্শ অনুযায়ী, দুই বাটি আটার সঙ্গে এক বাটি জল মেশানোই হলো সবথেকে আদর্শ মাপ। এই ২:১ অনুপাত মেনে আটা মাখলে রুটি দীর্ঘক্ষণ নরম থাকে এবং ছিঁড়তেও সুবিধা হয়।
২. জল দেওয়ার সঠিক নিয়ম
আটা মাখার সময় অনেকেই একবারে অনেকটা জল ঢেলে দেন, যা সবচেয়ে বড় ভুল। এর পরিবর্তে অল্প অল্প করে জল মিশিয়ে আঙুলের সাহায্যে আটার সঙ্গে তা ভালোভাবে মেশাতে হবে। এই ছোট্ট নিয়মটি মানলেই মণ্ডটি একেবারে মসৃণ ও নিখুঁত তৈরি হবে।
৩. ঋতু অনুযায়ী জলের তাপমাত্রা
আবহাওয়া বা ঋতুর ওপর ভিত্তি করে জলের তাপমাত্রা পরিবর্তন করা অত্যন্ত জরুরি। শীতকালে আটা মাখার জন্য সবসময় ঈষদুষ্ণ বা হালকা গরম জল ব্যবহার করুন, কারণ এটি গ্লুটেনকে দ্রুত সক্রিয় করে রুটি নরম করতে সাহায্য করে। অন্যদিকে, গরমকালে সাধারণ স্বাভাবিক জল দিয়েই আটা মাখলে দারুণ ফোলা ফোলা রুটি তৈরি হয়।
৪. ময়দা বা আটা ঠেসে মাখার জাদু
শুধু জল ও আটা মেখে নিলেই কাজ শেষ হয়ে যায় না; আসল কেরামতি লুকিয়ে থাকে আটা ঠেসে মাখার মধ্যে। হাতের তালুর পেছনের অংশ দিয়ে অন্তত ৫ থেকে ৭ মিনিট ধরে খুব ভালো করে আটা চটকে মাখতে হবে। এর ফলে বেলার সময় রুটিগুলো একেবারে বেলুনের মতো ফুলে উঠবে।
৫. তেল বা ঘির প্রলেপ
মণ্ডটি তৈরি হয়ে যাওয়ার পর তাতে সামান্য একটু ঘি বা কয়েক ফোঁটা সাদা তেল মিশিয়ে দিন। এর ফলে মণ্ডের ওপর কোনো শুকনো বা শক্ত আস্তরণ পড়তে পারে না। এই সহজ টোটকার গুণেই রুটি অনেকক্ষণ পর্যন্ত তুলতুলে নরম থাকে।
৬. বিশ্রামের সময় দেওয়া
আটা মাখার সঙ্গে সঙ্গেই রুটি বেলতে শুরু না করে মণ্ডটিকে একটু সময় দিন। একটি ভেজা সুতির কাপড় দিয়ে মণ্ডটি ঢেকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট বিশ্রামে রাখুন। এই সময়ের মধ্যে আটার ভেতরে প্রয়োজনীয় রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন হয়, যার ফলে বেলার সময় রুটির ধারগুলো ফেটে যায় না। নির্দিষ্ট এই নিয়মগুলি মেনে চললে অতিথিদের পাতে পরিবেশন করা আপনার হাতের রুটি মুখের দিলেই মোমের মতো গলে যাবে।