রেলে বিশাল চাকরির সুযোগ! ৫৬০টি শূন্যপদে প্যারামেডিকেল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কবে থেকে শুরু আবেদন?

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত সুখবর। ভারতীয় রেলে প্যারামেডিকেল পদে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ নিয়ে এল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। সম্প্রতি আরআরবি-র পক্ষ থেকে ‘প্যারামেডিকেল স্টাফ নিয়োগ ২০২৬’-এর জন্য একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ০৫-২০২৬-এর অধীনে মোট ৫৬০টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৬ থেকে এই পদগুলির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে, যা চলবে ১৪ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। তবে, পদ, পরীক্ষার বিশদ সিলেবাস ও অন্যান্য প্রয়োজনীয়তা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য সম্বলিত বিস্তারিত বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি।

৯টি প্যারামেডিকেল বিভাগে নিয়োগ

আরআরবি-র এই মেগা নিয়োগের মাধ্যমে রেলওয়ের বিভিন্ন প্যারামেডিকেল বিভাগগুলিতে কর্মী নিয়োগ করা হবে। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হলো—

নার্সিং সুপারিনটেনডেন্ট (লেভেল ৭ বেতনক্রম)

ফার্মাসিস্ট (লেভেল ৫ বেতনক্রম)

স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক (লেভেল ৬ বেতনক্রম)

ল্যাব অ্যাসিস্ট্যান্ট (লেভেল ৩ বেতনক্রম)

রেডিওগ্রাফার ও এক্স-রে টেকনিশিয়ান (লেভেল ৫ বেতনক্রম)

ইসিজি টেকনিশিয়ান ও অপটোমেট্রিস্ট (লেভেল ৪ বেতনক্রম)

ডায়ালাইসিস টেকনিশিয়ান (লেভেল ৬ বেতনক্রম)

অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট

আবেদনের তারিখ ও পদ্ধতি

আরআরবি প্যারামেডিকেল নিয়োগ ২০২৬-এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এবং আবেদন করা যাবে ১৪ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। প্রার্থীরা আরআরবি-র অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল অথবা তাঁদের নিজ নিজ আঞ্চলিক আরআরবি (RRB) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীদের সঠিক ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং পদ-সংর্কান্ত সমস্ত তথ্য দিতে হবে। পাশাপাশি, নির্দিষ্ট ফরম্যাটে ছবি ও স্বাক্ষর আপলোড করার পর অনলাইন মাধ্যমেই আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন ফি এবং রিফান্ডের নিয়ম

বিজ্ঞপ্তি অনুযায়ী, ওবিসি (OBC) এবং ইডব্লিউএস (EWS) প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা। অন্যদিকে, এসসি, এসটি, ইবিসি, প্রাক্তন সৈনিক, পিডব্লিউবিডি, মহিলা, ট্রান্সজেন্ডার এবং সংখ্যালঘু প্রার্থীদের জন্য ফি দিতে হবে ২৫০ টাকা। তবে বিশেষ দ্রষ্টব্য হলো, কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি (CBT)-তে অংশ নেওয়ার পর নিয়মানুযায়ী ফি-এর একটি অংশ ফেরত দেওয়া হয়। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা পর্যন্ত এবং অন্যান্য সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা পর্যন্ত ফেরত পাওয়ার সুযোগ রয়েছে।

বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা

বয়সসীমা: এই পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে। ১ জানুয়ারি, ২০২৭ তারিখকে ভিত্তি করে এই বয়স গণনা করা হবে। পাশাপাশি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

নার্সিং সুপারিনটেনডেন্ট: জিএনএম (GNM) বা বি.এসসি নার্সিং ডিগ্রি।

ফার্মাসিস্ট: ফার্মেসিতে ডিগ্রি বা ডিপ্লোমা।

রেডিওগ্রাফার-এক্স-রে টেকনিশিয়ান: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।

স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক: রসায়নে বি.এসসি এবং ১ বছরের হেলথ-স্যানিটারি ইন্সপেক্টর ডিপ্লোমা।

ল্যাব অ্যাসিস্ট্যান্ট: মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে (DMLT) ডিপ্লোমা।

নির্বাচন পদ্ধতি

এই প্যারামেডিকেল নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের মূলত তিনটি ধাপে বাছাই করা হবে। প্রথমে একটি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT), পরবর্তীতে সফল প্রার্থীদের নথি যাচাই (Document Verification) এবং সবশেষে মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। পরীক্ষার তারিখ এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *