রেস্তোরাঁর মতো খাবারের স্বাদের সিক্রেট ফাঁস! ঠিক কী মেশালে সাধারণ রান্নাও অমৃত হয়ে ওঠে?

রেস্তোরাঁ কিংবা ফাস্ট ফুডের দোকানে খাবার অর্ডার করলেই চোখের পলকে সুস্বাদু পদ পরিবেশন করা হয়। সেই খাবারের অতুলনীয় স্বাদ জিভে জল আনে। আর তা খেতেই অনেকেই মনে মনে ভাবেন, ঠিক কী ধরনের মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়? আপনিও কি সেই গোপন রহস্যের সন্ধান করছেন? তাহলে রেস্তোরাঁ বা হোটেলের শেফদের সেই সিক্রেট মশলা এবার ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারেন।
প্রতিদিনের একঘেয়ে তরকারি খেতে কারোরই ভালো লাগে না। আবার অনেক বাড়িতেই প্রায় প্রতিদিনই চিকেন কিংবা মাছ রান্না হয়। কিন্তু রোজ সেই একঘেয়ে মাছের ঝোল বা চিকেনের ঝোল খেয়ে বিরক্ত ধরে গেলে রান্নায় একটু ভিন্ন স্বাদ আনতে ব্যবহার করতে পারেন এই জাদুকরী মশলা। এই বিশেষ মশলা তৈরি করতে যেমন বেশি সময় লাগে না, তেমনই এর সমস্ত উপকরণই সহজে বাঙালি মাত্রের রান্নাঘরেই পাওয়া যায়। ফলে বাড়তি কোনো খাটুনি ছাড়াই আপনি এটি তৈরি করতে পারবেন।
প্রয়োজনীয় উপকরণ:
এই বিশেষ সিক্রেট মশলা তৈরির জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন, তা হলো—
গোটা জিরে
২ চামচ গোটা ধনে
সামান্য মেথি দানা
২ চামচ মৌরী
১ চামচ সর্ষে
২ চামচ পোস্ত
৮টি ছোট এলাচ
১০ থেকে ১২টি লবঙ্গ
১টি দারুচিনি
বেশ কয়েকটি গোলমরিচ
একটি স্টার আনিচ (তারাকন্দ)
পরিমাণমতো জয়ত্রী
কয়েকটি শুকনো লঙ্কা
২টি তেজপাতা
বেশ কয়েকটি টাটকা কারী পাতা
তৈরির পদ্ধতি:
প্রথমে সমস্ত মশলাগুলি একসঙ্গে নিয়ে শুকনো খোলায় হালকা আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে, মশলা যেন খুব বেশি ভাজা হয়ে পুড়ে না যায়। এরপর মশলাগুলি ভালো করে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। মিক্সিতে ঘোরানোর সময়ই এর সঙ্গে সামান্য নুন ও জয়ত্রী মিশিয়ে দিতে হবে। সবশেষে মিশ্রণটির সঙ্গে সামান্য পরিমাণে কনফ্লাওয়ার (Cornflour) মিশিয়ে দিতে হবে। এর ফলে মশলার গুণগত মান ভালো থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত এটি সুগন্ধযুক্ত ও সতেজ থাকে।