আন্তর্জাতিক আইন তৈরিতে এককাট্টা হোক গ্লোবাল সাউথ! ব্রিকসের শেষ দিনে বড় হুংকার জিনপিংয়ের

নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিনে অত্যন্ত কড়া বার্তা দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। নাম না করে সরাসরি পশ্চিমি বিশ্বকে নিশানা করার পাশাপাশি আন্তর্জাতিক আইন প্রণয়ন এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলিকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্মেলনের শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে জিনপিং সাফ জানান, নির্দিষ্ট নিয়ম বা আইন ছাড়া এই পৃথিবী সিগন্যালহীন একটি রাস্তার মতো, যেখানে শৃঙ্খলা বজায় থাকতে পারে না। সমস্ত দেশের সমান সার্বভৌমত্ব রক্ষা এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন প্রণয়নের নেপথ্যে গ্লোবাল সাউথকে এবার নেতৃত্ব দিতে হবে। বিশেষ করে কোনো দেশ যাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ না করে এবং দ্বিমুখী নীতি পরিহার করে, সেই বার্তাও স্পষ্ট ভাষায় দিয়েছেন চিনের প্রেসিডেন্ট।

পাশাপাশি, ব্রিকস দেশগুলির পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করতে পাঁচটি নির্দিষ্ট প্রস্তাব পেশ করেছেন জিনপিং। যার মধ্যে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কাঠামো নির্মাণ, ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি, ডিজিটাল ইন্ডাস্ট্রির সম্প্রসারণ, উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণ এবং যৌথ প্রযুক্তিগত উদ্যোগের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশ্ব রাজনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে জিনপিংয়ের এই হুংকার আন্তর্জাতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *