সরকারি সুবিধা এবার সরাসরি আপনার দোরগোড়ায়! ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বিশাল কর্মসূচির নির্দেশ নবান্নের

আসন্ন শারদোৎসবের আবহেই সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সুদীর্ঘ সময় ধরে রাজ্যজুড়ে পালিত হতে চলেছে ‘সেবা সংকল্প অভিযান’। নবান্নের তরফে ইতিমধ্যেই এই মেগা কর্মসূচির বিশদ গাইডলাইন সমস্ত জেলা প্রশাসন, পুরসভা এবং ব্লক স্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সরকারি প্রকল্প মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য। আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ঠিক সাতটায় ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে ঐতিহাসিক স্থানগুলিতে উপভোক্তা ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একযোগে প্রদীপ জ্বালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

পাশাপাশি, ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ও উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে ‘আমার স্বপ্নের ভারত—চিত্র সেবা’ অর্থাৎ বক্তৃতা, অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই সঙ্গে সঙ্গীত ও নাটকের মাধ্যমে জনকল্যাণমূলক উদ্যোগগুলি তুলে ধরতে ‘নমো সেবা—অজানা কাহিনি’ কর্মসূচিও পালিত হবে। এমনকি পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে ‘অন্ন মিলন সেবা’ শিবিরেরও নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুজোর মুখে এই বিশাল প্রশাসনিক উদ্যোগে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *