ক্যানসারের চিকিৎসায় ওজন বৃদ্ধি, ট্রোলিংয়ের শিকার হয়ে কী বললেন দীপিকা কক্কর?

দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। অসুস্থতার জেরে তাঁর শরীরে একাধিক পরিবর্তন এসেছে। ওষুধের প্রভাবে ওজন বৃদ্ধি থেকে শুরু করে মুড স্যুইং, বমি, দুর্বলতা—সব মিলিয়ে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভ্লগিংয়ের মাধ্যমে নিজের শারীরিক ও মানসিক পরিস্থিতির কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি এক ভ্লগে দীপিকা জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় ওজন বেড়ে যাওয়ায় তাঁকে কীভাবে সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল।

অভিনেত্রী জানান, অসুস্থতার সময়ে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের যে সমস্ত ছবি পোস্ট করতেন, সেগুলির কমেন্ট বক্সে বহু মানুষ নানা নেতিবাচক মন্তব্য করতেন। তাঁর কথায়, অনেকেই ওজন বেড়ে যাওয়া নিয়ে কথা বলতেন এবং বডি শেমিং করতেন। অথচ সেই সময়ে তিনি এমন শারীরিক পরিস্থিতিতে ছিলেন না যে ওজন কমানোর জন্য আলাদা করে কোনও চেষ্টা করতে পারেন। দীপিকার মতে, এই লড়াইটা কেবল শারীরিক নয়, এটি অত্যন্ত গভীর এক মানসিক লড়াইও বটে। জীবনের কঠিন সময়ে অবসাদের কারণে অনেক সময় তিনি অতিরিক্ত খেয়ে ফেলতেন এবং চেষ্টা করেও নিজেকে আটকাতে পারতেন না। এর পাশাপাশি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া তো ছিলই।

তবে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও নিজেকে ভালো রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। তিনি জানান, বর্তমানে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে নিজের একটু যত্ন নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। সেই ভাবনা থেকেই তিনি এখন নিজের ত্বক ও চুলের যত্ন নেওয়া শুরু করেছেন। নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে দীপিকা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি কোনও সুপারওম্যান নন। যেদিন তাঁর শরীর ভালো থাকে না, সেদিন তিনিও বিছানায় শুয়ে থাকেন এবং শরীরে শক্তি থাকে না। তবে যেদিন কিছুটা ভালো বোধ করেন, সেদিন উঠে নিজের যত্ন নেন, চুল ঠিক করেন এবং ভালো থাকার চেষ্টা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *