জরুরি রক্ষণাবেক্ষণের জেরে এবার পুরোপুরি বন্ধ সেনার তৈরি বেইলি ব্রিজ! কোন কোন বিকল্প রুট ব্যবহার করবেন?

একটানা বৃষ্টির জেরে বালাসন নদীর প্রবল স্রোতে দুধিয়ার মূল হিউম পাইপের সেতুটি আগেই মারাত্মকরূপে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার জেরে মিরিক রুটে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এরপর হালকা যানবাহন এবং পর্যটকদের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে ওঠে ভারতীয় সেনাবাহিনীর তৈরি ২০০ ফুটের অস্থায়ী বেইলি ব্রিজটি। তবে এবার সেই সেতুটিরও জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শুরু হতে চলায় আগামী ১৫ সেপ্টেম্বর এটি সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় সেনাবাহিনীর ৩৩ কোর ইঞ্জিনিয়ারিং শাখার পক্ষ থেকে জেলা প্রশাসনকে জানানো হয়েছে, গত ৯ জুলাই চালুর পর থেকে এই ‘ট্রিপল ডাবল নরমাল বেইলি ব্রিজ’ দিয়ে অবিরাম গাড়ি চলাচলের কারণে এর পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। সেই কারণে আগামী ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা এই সেতু দিয়ে সমস্ত ধরনের অসামরিক যান চলাচল বন্ধ থাকবে। যদি কোনো প্রাকৃতিক কারণে ওই দিন কাজ সম্পন্ন করা সম্ভব না হয়, তবে বিকল্প হিসেবে ১৭ সেপ্টেম্বর একই সময়ে সেতুটি বন্ধ রেখে কাজ করা হবে।
বিকল্প রুট ও প্রশাসনের প্রস্তুতি সাধারণ মানুষ ও পর্যটকরা যাতে কোনোভাবে বিপাকে না পড়েন, তার জন্য ট্রাফিক পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট বিকল্প রুট ঠিক করে দেওয়া হয়েছে। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার জন্য মাটিগাড়া বা শুকনা হয়ে শিবখোলা-রংটং রুট ধরে কার্শিয়াংয়ের পাঙ্খাবারি রোড হয়ে লংআই দিয়ে যাতায়াত করা যাবে। এছাড়া বিকল্প হিসেবে পানিঘাটা রোড ব্যবহার করেও মিরিক পৌঁছানো সম্ভব। অন্যদিকে, ভারী ও পণ্যবাহী যানবাহনগুলিকে সরাসরি রোহিনী রোড কিংবা কার্শিয়াংয়ের পথ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পনিকর জানিয়েছেন, সেতুর নিরাপত্তা সুনিশ্চিত করতেই সেনার এই রক্ষণাবেক্ষণমূলক পদক্ষেপ। পর্যটকদের যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প রুটগুলিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। পুজো ও উৎসবের মরশুমের ঠিক আগে এই সাময়িক পদক্ষেপে পর্যটন ব্যবসায় কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও, নিরাপত্তার স্বার্থে সেনার এই সিদ্ধান্তকে সর্বসম্মতভাবে সমর্থন জানিয়েছেন ট্যুর অপারেটররা।