‘Bigg Boss’-এর ঘরে ধামাকেদার এন্ট্রি জিতুর, রাজবীরকে টেক্কা দিতে পারেন অভিনেতা?

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ‘বিগ বস’ বাংলার ঘরে পা রাখতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কমল। শোয়ের শুরুতে বা ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে তাঁর নাম না দেখা গেলেও, সাম্প্রতিক প্রোমোতে তাঁর ধামাকেদার এন্ট্রির ঘোষণা আসতেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে।
শুরুতে প্রস্তাব ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত কেন এই রিয়েলিটি শোয়ে আসার সিদ্ধান্ত নিলেন, তা নিজেই পরিষ্কার করেছেন জিতু। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মূলত তিনটি কারণে তিনি এই ঘরে প্রবেশ করছেন। প্রথমত, এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা এবং অন্য তারকারা কেন এই শো থেকে দূরে থাকতে চান, সেই ভয়ের নেপথ্য কারণ খুঁজে দেখা। দ্বিতীয়ত, দর্শকদের আরও বেশি ভালোবাসা অর্জন করা। আর তৃতীয়ত, ব্যক্তিগত লাভ-ক্ষতির কথা না ভেবে পুরো টলিউড ইন্ডাস্ট্রির অর্থনৈতিক স্বার্থের কথা মাথায় রেখেই তাঁর এই অংশগ্রহণ।
View this post on Instagram
সবচেয়ে বড় কথা, জিতু ঘোষণা করেছেন যে তিনি বিজয়ী হলে প্রাইজমানির ৭৫ শতাংশ অর্থ তাঁর ট্রাস্টে দান করবেন, যা দিয়ে অনাথ শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তাঁর এই এন্ট্রি যে হাউসের পুরনো সমীকরণ সম্পূর্ণ বদলে দেবে, তা বলাই বাহুল্য। একদিকে যখন ভরত কল বনাম সোহিনী পালের অধিনায়কত্ব নিয়ে ঘরে কুরুক্ষেত্র পরিস্থিতি চলছে, ঠিক সেই সময়ে জিতুর এন্ট্রি প্রতিযোগীদের গেমপ্ল্যানে বড়সড় ধাক্কা দিতে পারে। বিশেষ করে শিলিগুড়ির মডেল-অভিনেতা রাজবীর দে এবার বড় প্রতিযোগিতার মুখে পড়তে চলেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।