পুজোয় পচা খাবার খাচ্ছেন? মুখে তোলার আগে এই নম্বরে ফোন করুন, বড় পদক্ষেপ প্রশাসনের

দুর্গাপুজো মানেই জমজমাট খাওয়া-দাওয়া আর হুল্লোড়। কিন্তু এই উৎসবের মরশুমেই সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে বড়সড় উদ্বেগের কথা জানাল প্রশাসন। পুজোর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভেজাল খাবার, পচা মাংস এবং অস্বাস্থ্যকর পরিবেশের ছবি সামনে আসতেই নড়েচড়ে বসল খাদ্য সুরক্ষা দফতর। আর কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি একটি হেল্পলাইন নম্বর ও ইমেল আইডি চালু করল জেলা প্রশাসন।
হুগলি জেলার জেলাশাসক খুরশিদ আলি কাদরি এক সাংবাদিক বৈঠকে জানান, জেলায় ইতিমধ্যেই ২৭০টি জায়গায় ঝটিকা অভিযান চালানো হয়েছে। এর মধ্যে প্রায় ২৫১টি জায়গায় অর্থাৎ প্রায় ৯২.৯৬ শতাংশ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানার গুরুতর অভিযোগ মিলেছে। পরিস্থিতি কতটা ভয়াবহ, তা বোঝাতেই জেলাশাসক জানান, ১৯টি ব্যবসায়ী ইউনিটের কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আইনি পদক্ষেপ করা হয়েছে ২৮ জনের বিরুদ্ধে এবং ৩ জনের লাইসেন্স সরাসরি সাসপেন্ড করা হয়েছে। এছাড়া অভিযানে ১৩ লক্ষ ৮২ হাজার টাকার ভেজাল খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি ১ লক্ষ ১৩ হাজার টাকারও বেশি পরিমাণের পচা ও ক্ষতিকর খাবার নষ্ট করা হয়েছে।
প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পুজোর কদিন এই অভিযান আরও তীব্র করা হবে। উৎসবে বিভিন্ন জায়গায় নতুন ফুড স্টল বা খাবারের দোকান বসে। সেখানে যাতে কোনো রকম ভেজাল বা বাসি খাবার বিক্রি না হয়, সেদিকে কঠোর নজরদারি থাকবে। সাধারণ মানুষ যাতে সচেতন থাকতে পারেন এবং যেকোনো অনিয়ম দেখলেই সরাসরি অভিযোগ জানাতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
খাবার নিয়ে কোনো অভিযোগ জানাতে বা প্রতিকার পেতে নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ:
-
হেল্পলাইন নম্বর: ১৮০০১১২১০০
-
ইমেল আইডি: foodsafetywb@gmail.com
পুজোর আনন্দে মেতে ওঠার আগে মুখের খাবারটি আদৌ স্বাস্থ্যকর কি না, সে বিষয়ে এবার খোদ প্রশাসনই সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দিচ্ছে।