বিগ বস বাংলার ঘরে সরাসরি জীতু কমল! ট্রফি জিতলে প্রাইজমানির ৭৫ শতাংশ দান করবেন কোন মহৎ উদ্দেশ্যে?

দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় জল্পনা চলছিল যে, বাংলা ‘বিগ বস’-এর ঘরে পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেতা জীতু কমল। অভিনেতার ইঙ্গিতপূর্ণ পোস্টেও তেমনই আভাস মিলেছিল, যদিও এতদিন সরাসরি এই প্রশ্নের উত্তর এড়িয়েই গিয়েছিলেন তিনি। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শনিবারের বিগ বস এপিসোডেই ঘরের অন্দরে প্রবেশ করতে চলেছেন জীতু। সম্প্রতি মুক্তি পাওয়া শো-র নতুন প্রোমোতে সেই স্পষ্ট ইঙ্গিতই মিলেছে।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মুখ জীতু কমল। তার এই বিগ বস এন্ট্রি যে রিয়েলিটি শো-র টিআরপি এবং জনপ্রিয়তা আরও বহুগুণ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।
প্রযোজক রাণা সরকারের পোস্ট ও নেটপাড়ায় চর্চা:
জীতুর বিগ বসের ঘরে পা রাখার ঝলক সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় একটি মজার ও ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন প্রযোজক রাণা সরকার। তিনি লিখেছেন, ‘Bigboss-এ সত্যজিৎ রায়, এরকম হতে পারত যদি জীতু মেকআপ আর্টিস্ট নিয়ে বিগবসে ঢুকতে পারত। আপাতত জীতু বিগবসে আসছে এটা ‘দেশু আসছে’ ফিল দিচ্ছে। জীতু কী কামাল করবে সেটা দেখার জন্য এবার।’
রাণার এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, ‘তুমিও যাও বিগ বসে। তুমি যা কুচুটে লুক জিতে যাবে।’ তার প্রত্যুত্তরে প্রযোজক লেখেন, ‘আমার থেকেও বেশি কুচুটেরা ওখানে গেছে মনে হয়।’ এই মন্তব্য ঘিরেও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
উইকেন্ডে নতুন সমীকরণ ও জীতুর মহৎ উদ্যোগ:
এর আগে দ্বিতীয় সপ্তাহের শুরুতে বিগ বস বাংলার ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছিলেন শিলিগুড়ির ছেলে রাজবীর। মুম্বইয়ে কর্মরত রাজবীর শো-তে পা রাখার পর থেকেই ঘরের অন্দরে শুরু হয়েছিল প্রচুর নাটকীয় ঝগড়া ও কূটকাটালি। এখন দেখার বিষয়, জীতু কমলের মতো হেভিওয়েট তারকা ঘরে আসার পর রিয়েলিটি শো-র অন্দরের সমীকরণ কতটা বদলায়।
উল্লেখ্য, কিছুদিন আগেই জীতু তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা করেছিলেন যে, এই শো-তে অংশ নিয়ে যদি তিনি জয়ী হতে পারেন, তবে পুরস্কারের অর্থের ৭৫ শতাংশ বা সিংহভাগ অংশই গৃহহীন মানুষ, অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমের অসহায়দের কল্যাণে দান করবেন। বাকি ২৫ শতাংশ তিনি নিজের ট্রাস্টের কাজের জন্য রাখবেন। এখন দর্শকের নজর থাকবে ঘরের ভেতর অভিনেতার স্ট্র্যাটেজি এবং তাঁর পারফরম্যান্সের দিকে।