ব্যাঙ্কে ঢুকে লাল লঙ্কার গুঁড়ো ছুড়ে তাণ্ডব! চোখের পলকে ৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল বেকার যুবক, তারপর…

মহারাষ্ট্রের নাগপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর একটি শাখায় ঘটে গেল এক ফিল্মি কায়দায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। ব্যাঙ্ককর্মীদের চোখে মুখে হঠাৎ লঙ্কার গুঁড়ো ছুড়ে নগদ ৪ লক্ষ টাকা লুট করে পালায় এক যুবক। তবে শেষ রক্ষা হয়নি। ঘটনার মাত্র ৩০ মিনিটের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুরো টাকাটাই উদ্ধার করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল নাগপুরের এসবিআই শাখায়?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ নাগপুরের এসবিআই-এর ওই শাখায় ঘটে। সেই সময় ব্যাঙ্কে স্বাভাবিক কাজকর্ম চলছিল এবং কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎই সাধারণ গ্রাহক সেজে ব্যাঙ্কে প্রবেশ করে ২৮ বছর বয়সি সূরজ ভোজরাজ বোরকর নামের এক যুবক। সে সোজা ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের কাছে লুকিয়ে রাখা লাল লঙ্কার গুঁড়ো সরাসরি ব্যাঙ্ককর্মীদের চোখে ছুঁড়ে মারে।

কমলা রঙের কুর্তা এবং কালো প্যান্ট পরা, মুখ রুমাল দিয়ে ঢাকা ওই যুবকের এমন অতর্কিতে হামলায় কর্মীরা চোখে দেখতে না পেয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে যান। নিরাপত্তার সন্ধানে কর্মীরা যখন ছোটাছুটি শুরু করেন, সেই সুযোগেই ক্যাশ কাউন্টার থেকে নগদ ৪ লক্ষ টাকা লুটে চম্পট দেয় সে। কয়েকজন ব্যাঙ্ককর্মী ও নিরাপত্তারক্ষী তাকে ধাওয়া করার চেষ্টা করলেও ভিড়ের সুযোগে সে পালিয়ে যেতে সক্ষম হয়।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল রুদ্ধশ্বাস দৃশ্য
গোটা ঘটনার ভয়াবহ সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়া সাইট ‘এক্স’ (X)-এ ছড়িয়ে পড়তেই তা ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, অভিযুক্ত কীভাবে একে একে ব্যাঙ্ককর্মীদের দিকে লঙ্কার গুঁড়ো ছুড়ছে এবং কর্মীরা আতঙ্কে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ মশকরা করে লিখেছেন, “লোকটা টাকা লুট করার চেয়ে লঙ্কার গুঁড়ো ছোড়ার দিকেই বেশি মনোযোগী ছিল!”

৩০ মিনিটের মধ্যে কেল্লাফতে!
ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়েই তৎক্ষণাৎ নড়েচড়ে বসে পুলিশ। ব্যাঙ্কের ভিতরের ও বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের পালানোর দিক চিহ্নিত করা হয়। এরপর শহরের বিভিন্ন প্রান্তে ‘নাকা চেকিং’ শুরু করার পাশাপাশি টহলদারি দলগুলিকে সতর্ক করে দেওয়া হয়।

পুলিশের নিখুঁত তৎপরতায় ঘটনার মাত্র ৩০ মিনিটের মধ্যেই ২৮ বছর বয়সি অভিযুক্ত সূরজ ভোজরাজ বোরকরকে খুঁজে বের করে গ্রেফতার করে পুলিশ। বি.এসসি পাশ করা ওই বেকার যুবকের কাছ থেকে চুরি যাওয়া পুরো ৪ লক্ষ টাকাই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *