ভারী বৃষ্টির অ্যালার্ট জারি কোন কোন জেলায়? উত্তর থেকে দক্ষিণ—আজ কেমন থাকবে বাংলার ওয়েদার?

আপাতত দক্ষিণবঙ্গে কিছুটা হালকা হচ্ছে বৃষ্টির তাণ্ডব। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির পসরা বজায় থাকবে বলে জানানো হয়েছে।
কলকাতায় আবহাওয়ার চিত্র
আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে ৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা অনুভূত হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলাগুলির দু’এক জায়গায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে বলে অনুমান করা হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া পূর্বাভাস
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার বেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে।