ডলারের দাদাগিরি শেষ করতে মেগা পরিকল্পনা! ব্রিকস সামিটে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠলেন পেজেশকিয়ান!

দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস বিজনেস ফোরামে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ভূ-রাজনৈতিক চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, বর্তমান সময়ে বাণিজ্য, জ্বালানি এবং আর্থিক ব্যবস্থাকে রাজনৈতিক ও সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে সরবরাহ শৃঙ্খল ব্যাহত করার এই প্রবণতা বিশ্ব অর্থনীতির জন্য বড় বিপদ ডেকে আনছে বলে সতর্ক করেছেন তিনি।

বক্তৃতায় পেজেশকিয়ান ব্রিকস জোটকে একটি প্রধান শক্তিতে রূপান্তর করার ওপর জোর দিয়ে বলেন যে, ইরানের কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বিশাল জ্বালানি সম্পদ এই অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। কেবল কথার কথা না বলে, ব্রিকস বিজনেস কাউন্সিলকে অর্থনৈতিক সহযোগিতার প্রকৃত চালিকাশক্তি হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি। সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক বাণিজ্য বাড়াতে এবং জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে নিজস্ব মুদ্রায় লেনদেন এবং একটি যৌথ ‘ব্রিকস রিঅ্যাসুরেন্স কোম্পানি’ গঠনের প্রস্তাবও পেশ করেন ইরানি প্রেসিডেন্ট।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণাত্মক নীতির তীব্র সমালোচনা করে পেজেশকিয়ান জানান, বাণিজ্য ও জ্বালানি ব্যবস্থাকে যখন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়, তখন তার অভিঘাত কেবল নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা পুরো বিশ্বকে সংকটের মুখে ঠেলে দেয়। এই বৈশ্বিক অস্থিতিশীলতা কাটাতে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের পথেই হাঁটার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *