স্বামীকে ছেড়ে যার হাত ধরেছিলেন, সেই প্রেমিকই কাটল গলা! পূর্ণিয়ার এই লোমহর্ষক হত্যাকাণ্ডে ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরে সংসার পাতার পরিণাম যে এত ভয়াবহ হতে পারে, তা ভাবতেও পারেনি কেউ। বিহারের পূর্ণিয়া জেলায় পরকীয়া সম্পর্কের জেরে এক মহিলা এবং তাঁর দু বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। মারাঙ্গা থানা এলাকার একটি খালের ধার থেকে এক মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধারের পর থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই চাঞ্চল্যকর মামলার রহস্য ভেদ করে প্রধান অভিযুক্ত মোহাম্মদ মোফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তদন্তে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম পূজা দেবী। তিনি নিজের স্বামী পবন শর্মাকে ছেড়ে রাহুয়া মোগলানির বাসিন্দা মোহাম্মদ মোফিলের সঙ্গে বসবাস শুরু করেছিলেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই বিবাহিত থাকায় পূজা তাঁকে বিয়ে করার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকেন। আর এই বিয়ের চাপেই খুন হতে হয় পূজাকে। পরিচয় গোপন করার উদ্দেশ্যেই তাঁর মাথা দেহ থেকে আলাদা করে সঙ্গে নিয়ে পালিয়েছিল ঘাতক মোফিল। পরে অভিযুক্তের দেখানো পথেই মহিলার বিচ্ছিন্ন মাথা এবং তাঁর দুই বছরের কন্যা অনুষ্কার কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ আরও একটি লোমহর্ষক তথ্য সামনে এনেছে। শুধু ওই মহিলা নন, তাঁর দুই বছরের শিশুকন্যা অনুষ্কাকেও একইভাবে হত্যা করে লাশ লুকিয়ে রাখা হয়েছিল। তবে অপর এক কন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার দাদুর হাতে তুলে দিয়েছে পুলিশ। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে এবং খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। মৃতার ৭০ বছর বয়সী শ্বশুরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মারাঙ্গা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *