ল্যাপটপ-মোবাইল আর হাজার হাজার নগদ টাকা! কলকাতার বুকে ক্রিকেট বেটিংয়ের বড় চক্রে ধৃত ৪

কলকাতার যাদবপুর এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল জমজমাট অনলাইন জুয়া এবং ক্রিকেট বেটিংয়ের বেআইনি কারবার। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব যাদবপুর থানার পুলিশ ওই ফ্ল্যাটে আচমকা হানা দিয়ে হাতেনাতে গ্রেফতার করেছে চারজনকে। ধৃতদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন ব্যাঙ্কের চারটি ডেবিট কার্ড এবং নগদ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ সেপ্টেম্বর রাতে দীনেশনগরের একটি ফ্ল্যাটে বসে কয়েকজন ব্যক্তি অনলাইনে ক্রিকেট বেটিং ও জুয়া চালাচ্ছেন বলে খবর আসে। সাধারণ মানুষকে প্রলুব্ধ করে এই কারবার চালানো হচ্ছিল। খবরের ভিত্তিতে পূর্ব যাদবপুর থানার একটি বিশেষ দল ওই ফ্ল্যাটে অভিযান চালায়। ধৃতদের পরিচয়ও প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন ধানবাদের বাসিন্দা সৌরভ কুমার সিন্ধুরিয়া, বিকাশ কুমার বর্মা, ধীরজ কুমার ঠাকুর এবং ওমপ্রকাশ সাউ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, ধৃতেরা একা নয়, বরং এর নেপথ্যে রয়েছে একটি সুসংগঠিত ও বড় অপরাধের চক্র। এই কারবারের সঙ্গে পবন সাউ এবং রোহিত নামের আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে নাম উঠে এসেছে। কলকাতার অতিরিক্ত নগরপাল (গোয়েন্দা) কুণাল আগারওয়াল জানিয়েছেন, এই চক্রের মূল মাথাদের চিহ্নিত করে তাদের নাগাল পাওয়ার চেষ্টা চলছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া গ্যাজেট ও ইলেকট্রনিক ডিভাইসগুলি ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে আর্থিক লেনদেনের উৎস এবং বৃহত্তর যোগাযোগের জাল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পলাতক অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।