অফিস খালি করার নোটিশে স্থগিতাদেশ! কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল দমকল বিভাগ?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতর নিয়ে বড় স্বস্তি মিলল। কলকাতা হাইকোর্ট ওই দফতর খালি করার জন্য দমকল বিভাগের জারি করা নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

সম্প্রতি ক্যামাক স্ট্রিটের ওই ভবনে অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত পরিদর্শনের সময় বেশ কিছু ত্রুটি ধরা পড়েছিল। এর ভিত্তিতে গত ৪ সেপ্টেম্বর দমকল বিভাগের তরফে ভবনের নির্দিষ্ট অংশ খালি করার নোটিশ দেওয়া হয়। সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, ওই নোটিশের ভিত্তিতে আপাতত কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ, এই মুহূর্তে দফতর খালি করতে হচ্ছে না।

আদালতের পর্যবেক্ষণ, ভবনটির অগ্নি-নিরাপত্তা শংসাপত্রের মেয়াদ শেষ হয়ে গেলেও সেখানে তাৎক্ষণিক কোনো বিপদের পরিস্থিতি তৈরি হয়নি। পাশাপাশি, ভবনে থাকা ব্যক্তিরা প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মেনে চলতে প্রস্তুত বলেও আদালতে জানানো হয়েছে। আদালতে তৃণমূলের আইনজীবী জানান, ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় দলটির কার্যালয় রয়েছে। অন্যদিকে, ভবনের মালিকপক্ষের দাবি, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তৃণমূলের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।

সব পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও আপাতত দফতর খালি করার নোটিশের ওপর স্থগিতাদেশের নির্দেশ দেন। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিন আদালতের পরবর্তী নির্দেশেই নির্ধারিত হবে এই রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের ভবিষ্যৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *