মহেশতলায় বহুতলের ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে মর্মান্তিক মৃত্যু! ঋণের বোঝা নাকি অবসাদ? বাড়ছে রহস্য

মহেশতলা থানার অন্তর্গত ৩১ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে এক ব্যক্তির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে আবাসনের ১৫ তলা থেকে নিচে পড়ে যান এক ব্যক্তি। আবাসনের বাসিন্দারা তাঁকে নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে মহেশতলা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জাহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। পাশাপাশি তাঁর বিপুল পরিমাণ ঋণও হয়ে গিয়েছিল বলে পরিবারের দাবি। আর্থিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। পুলিশ সব দিক খতিয়ে দেখতে শুরু করেছে।

নিমতায় মর্মান্তিক অগ্নিকাণ্ড: এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার নিমতা থানার কালচার মোড় এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ দম্পতি। মৃতদের নাম ননী গোপাল দাস (৯৬) এবং তৃপ্তি দাস (৮৭)। স্থানীয় সূত্রে খবর, দোতলা বাড়ির একটি ঘর থেকে হঠাৎই কালো ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাঁরা ভিতরে ঢুকতে পারেননি। পরে দমকল ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। ঘরের ভিতর থেকেই ওই বৃদ্ধ দম্পতির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। দুটি মর্মান্তিক ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *