প্যাকেজজাত খাবারে বাধ্যতামূলক সতর্কবার্তা! অতিরিক্ত চর্বি ও চিনি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

প্যাকেজজাত খাবারের ক্ষতিকর দিক থেকে ক্রেতাদের সুরক্ষিত রাখতে এবার আরও কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। অতিরিক্ত চর্বি, চিনি ও লবণের মতো ‘উদ্বেগজনক পুষ্টি উপাদান’-এর ক্ষেত্রে প্যাকেটের সামনের অংশে বা ‘ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং’ (FoPL) বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়ে কেন্দ্র ও ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (FSSAI)-এর কাছে বিশদ ব্যাখ্যা তলব করল শীর্ষ আদালত। একইসঙ্গে শিশুদের মধ্যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ঝুঁকি কমাতে স্কুলস্তরে পুষ্টি-বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কী পরিকল্পনা রয়েছে, তা নিয়ে কেন্দ্রের কাছে জবাব চেয়েছে আদালত।
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রস্তাবিত দুটি পর্যায় বাস্তবায়নের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় শিল্পমহলকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। FSSAI-এর কর্মপদ্ধতিকে আরও কার্যকরী করে তুলতে একটি যৌক্তিক ও বৈজ্ঞানিকভাবে সমর্থিত সময়সীমা নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে আদালতে হলফনামা জমা দিতে হবে। আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।