“বয়স ভাঁড়ানোর মহা কেলেঙ্কারি!”-সৌরভের সিএবিকে ঘিরে এবার চরম বিতর্ক

ক্রিকেটে বয়স ভাঁড়ানোর ভুয়া শংসাপত্রের অভিযোগ ঘিরে উত্তাল বাংলার ময়দান। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবির ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। গোটা ঘটনায় সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছেও জবাব চেয়েছেন তিনি। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে সিএবি প্রধান সাফ জানিয়ে দিয়েছেন যে, জালিয়াতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তাঁদের সংস্থা।

দীর্ঘদিন ধরেই ক্রিকেট বা ফুটবলের মতো প্রতিযোগিতামূলক খেলায় জুনিয়র স্তরে বয়স কমিয়ে দেখানোর প্রবণতা চলে আসছে। অনূর্ধ্ব-১৫, ১৯ বা ২৩ স্তরে সুযোগ পাওয়ার জন্য অনেকেই ভুয়া শংসাপত্রের সাহায্য নেন। সম্প্রতি এই ধরনের বয়স জালিয়াতির অভিযোগে ৬২ জন ক্রিকেটারকে সাসপেন্ড করে সিএবি। এই তালিকায় নাম রয়েছে রোহিত যাদব ও রবি কুমারের মতো উদীয়মান ক্রিকেটারদের।

পুরস্কার নিয়ে বড় প্রশ্ন
বিতর্কের মূল কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, যে ক্রিকেটারদের বয়স জালিয়াতির অভিযোগে আগেই সাসপেন্ড করা হয়েছিল, তাঁদেরই আবার বার্ষিক অনুষ্ঠানে বর্ষসেরার সম্মানে পুরস্কৃত করেছে সিএবি। মঞ্চে উঠে রবি কুমার সেই পুরস্কার গ্রহণও করেন। বিধায়ক রীতেশ তিওয়ারির স্পষ্ট প্রশ্ন, অভিযুক্তদের সাসপেন্ড করেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খুঁজে বের করতে পুলিশি তদন্ত ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

সৌরভের সাফাই ও সিএবির পদক্ষেপ
সমালোচনার মুখে পড়ে মুখ খুলেছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিসিসিআই প্রথমবার ডিজিটাল মাধ্যমে কঠোর নজরদারি ব্যবস্থা চালু করেছে। সিএবির নিজস্ব ১০ জনের বিশেষ দল গত তিন মাস ধরে নিখুঁতভাবে নথি যাচাই করে এই জালিয়াতি ধরেছে। সৌরভের দাবি, রোহিত যাদবের বয়সের গরমিল বিসিসিআইয়ের নজরে না এলেও সিএবি তা খুঁজে বার করে সঙ্গে সঙ্গে বোর্ডের কাছে সমস্ত নথি পাঠিয়ে দেয়। স্পষ্ট ভাষায় তাঁর হুঁশিয়ারি, বয়স জালিয়াতির মতো অসদুপায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং সিএবির কাছে সততাই সবচেয়ে বড় অগ্রাধিকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *