১৯০০ কোটির লগ্নি থেকে গিনেস অ্যাওয়ার্ড জয়ী সংস্থা! বাংলায় শিল্প বিপ্লবের সুর বাঁধলেন মুখ্যমন্ত্রী

সল্টলেকে বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী জানান, যে আন্তর্জাতিক সংস্থা এই বিশাল প্রকল্পটি রূপায়ণ করেছে, তারা ইতিমধ্যেই রাজ্যে ১৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। শুধু তাই নয়, আগামী তিন বছরের মধ্যে আরও পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে ওই সংস্থা। এর ফলে রাজ্যে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে পূর্ণ আশাবাদী রাজ্য সরকার।

অনুষ্ঠানে বিগত দিনের সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। তবে গত চার মাসে শিল্প পরিবেশ ফিরিয়ে আনতে একাধিক ফলপ্রসূ পদক্ষেপ করা হয়েছে। গিনেস বুক অ্যাওয়ার্ড প্রাপ্ত এই সংস্থাটি বর্তমানে রাজ্যে ১১০টি স্টোর পরিচালনা করছে। তাদের এই স্টোরের সংখ্যা আগামী দিনে বাড়িয়ে ২৫০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে মুখ্যমন্ত্রী সংস্থাকে কাজের গতি বাড়িয়ে দেড় বছরের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানিয়েছেন। এছাড়া পুরুলিয়ায় এক হাজার একর জমি কিনে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে ওই সংস্থার।

শিল্পের প্রসারে আরও বড় সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজোর আগেই হলদিয়া পেট্রোকেমিক্যালের নতুন প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা বাংলায় লগ্নি করতে গভীর আগ্রহ প্রকাশ করছেন। শিল্পপতি মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গেও এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। পুজোর আগে বাংলার শিল্প মহলে এই বড় বিনিয়োগের ঘোষণা রাজ্যের অর্থনীতিতে এক নতুন গতি আনবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *