TMC-নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, প্রচুর বোমা মজুত থাকার অভিযোগ

বারুইপুরে এক তৃণমূল নেতার বাড়িতে গভীর রাতে হওয়া এক রহস্যজনক বিস্ফোরণকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বারুইপুর পূর্বের উত্তরভাগ লাল পোলের কাছে দ্বিজেন মণ্ডল নামের এক স্থানীয় তৃণমূল নেতার দোতলা বাড়িতে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘরের দরজা-জানালা উড়ে যাওয়ার পাশাপাশি বাড়ির টিন এবং শাটার ছিটকে গিয়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে। ঘটনার সময়ে অভিযুক্ত নেতা বাড়িতে ছিলেন না। রাজ্য পালাবদলের পর থেকেই তাঁকে এলাকায় সেভাবে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে খবর। বিস্ফোরণের জেরে কোনো হতাহতের খবর না মিললেও, বিকট শব্দ ও আতঙ্কে আশপাশের বেশ কিছু বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করবে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দা ও বিরোধী বিজেপি নেতৃত্বের জোরালো দাবি, ওই নেতার বাড়িতে প্রচুর পরিমাণে বোমা মজুত করা ছিল। যদিও পুলিশ জানিয়েছে, তল্লাশিতে বাড়ি থেকে এখনও পর্যন্ত কোনো বিস্ফোরক জাতীয় সামগ্রী উদ্ধার হয়নি। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *