আমেরিকাকে বড় ধাক্কা! ট্রাম্পের যুদ্ধবিমানের প্রস্তাব ফিরিয়ে পুতিনের শরণাপন্ন ভারত?

দিল্লিতে শুরু হতে চলা মেগা ব্রিক্স (BRICS) শীর্ষ সম্মেলনের ঠিক আগে দ্বিপাক্ষিক কূটনীতিতে বড়ো মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লিকে অত্যাধুনিক ‘এফ-৩৫ লাইটনিং২’ (F-35 Lightning II) যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেও, সেই ডাকে সাড়া দেয়নি ভারত। শুল্ক বৃদ্ধির ভ্রূকুটি ও আন্তর্জাতিক নানা জল্পনাকে এড়িয়ে দীর্ঘ ছয় দশকের পরীক্ষিত সামরিক সহযোগী রাশিয়ার উপরেই আস্থা রাখছে নয়াদিল্লি।
মেগা বৈঠকে সুখোই এসইউ-৫৭ ও প্রতিরক্ষা চুক্তি
শুক্রবার রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ক্রেমলিন ও কূটনৈতিক সূত্রের খবর, এই বৈঠকে মস্কোর প্রস্তাব মেনে যৌথভাবে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’ (Su-57) উৎপাদনের বিষয়টি চূড়ান্ত রূপ পেতে পারে। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার বহরে থাকা ‘সুখোই-৩০ এমকেআই’ (Su-30MKI) বিমানের আধুনিকীকরণ তথা ‘সুপার সুখোই’ প্রজেক্ট, অতিরিক্ত ‘এস-৪০০ ট্রায়াম্ফ’ (S-400 Triumf) এবং ‘পন্টসার’ (Pantsir) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি নিয়েও আলোচনা চলছে।
ব্রিক্স শীর্ষ সম্মেলন ও নিশ্ছিদ্র নিরাপত্তা
আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্সের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত ৩১ আগস্ট কিরগিজ়স্তানের বিশকেকে এসসিও (SCO) সম্মেলনের পার্শ্ববৈঠকে পুতিনকে সশরীরে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই আমন্ত্রণ রক্ষা করেই মস্কো থেকে দিল্লি এসে পৌঁছেছেন রুশ রাষ্ট্রপতি। এদিকে বিশ্বনেতাদের এই মেগা সমাগমকে কেন্দ্র করে পুরো রাজধানী জুড়েই জারি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। এনএসজি-র বিশেষ মহড়া সহ রাজধানীতে ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থার কড়া নজরদারি চলছে।
ডলার হটিয়ে টাকা-রুবল লেনদেন এবং শক্তির সমীকরণ
Indiatimes
প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি দুই নেতার আলোচনায় জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে বড়ো সিদ্ধান্ত আসতে পারে। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বাণিজ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে শুল্ক নীতির আবহে দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমিয়ে ভারতীয় রুপি ও রুশ রুবলের ব্যবহার বাড়ানোর দীর্ঘমেয়াদী কৌশল নিয়েও কথা বলবেন দুই রাষ্ট্রনেতা।
গত বছর ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার লোভনীয় প্রস্তাব দিলেও, কৌশলগত স্বাধিকার ও পুরনো বন্ধুত্বের ওপর ভরসা রেখেই ভারত বিকল্প সমীকরণের দিকে এগোচ্ছে কি না—এখন সেটাই আন্তর্জাতিক মহলের সবচেয়ে বড় কৌতূহলের বিষয়।