‘এমন ভুল কেউ করবেন না!’ স্ত্রীকে টুকরো করে খুনের পর মিডিয়ার সামনে হাতজোড় করে কী বলল রামানুজ?

স্ত্রীকে নৃশংসভাবে খুন করে মাথা দেহ থেকে আলাদা করে ফ্রিজে লুকিয়ে রাখার ঘটনায় দেশজুড়ে শিউরে উঠেছিল মানুষ। গুয়াহাটির বাসিন্দা ২৫ বছর বয়সি অভিযুক্ত রামানুজ গোস্বামীর বিরুদ্ধে এই ভয়াবহ অভিযোগ ওঠে। গত ৬ সেপ্টেম্বর গুয়াহাটির একটি ফ্ল্যাট থেকে রিয়া তালুকদার নামের এক বিবাহিত তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরই অভিযুক্ত রামানুজকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পর সে নির্লিপ্তভাবে জানিয়েছিল নিজের কাজের জন্য সে বিন্দুমাত্র অনুতপ্ত নয় এবং ক্ষমাও চাইবে না। তবে এর মাঝেই হঠাত্ সুর বদল করল অভিযুক্ত রামানুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারস্পরিক বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রিয়াকে খুন করে রামানুজ। শুধু খুন করাই নয়, স্ত্রীর শরীর থেকে মাথা আলাদা করে ফেলার পাশাপাশি কাঁচি দিয়ে তাঁর মুখ ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল। এমনকী দেহ টুকরো টুকরো করার চেষ্টার পর রিয়ার কাটা মাথাটি একটি প্লাস্টিক ব্যাগে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেয় সে। মঙ্গলবার পুলিশ অভিযুক্তকে সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাটে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে এবং খুন ও তথ্যপ্রমাণ লোপাটের কাজে ব্যবহৃত ফ্রিজটি বাজেয়াপ্ত করে।
প্রাথমিকভাবে খুনের পর কোনো অনুশোচনা না দেখালেও, পুলিশ তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় সম্পূর্ণ ভিন্ন মূর্তি ধরা পড়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযুক্ত রামানুজ নিজের ভুল প্রকাশ্যে স্বীকার করে নেয়। এ সময় অন্যদের উদ্দেশ্যে সে পরামর্শ দিয়ে জানায়, ‘আমি নিজের ভুল স্বীকার করে নিচ্ছি। মানুষ আমার সম্পর্কে খারাপ কথা বলতেই পারেন। কিন্তু প্রত্যেকের কাছেই আমার অনুরোধ, জীবনে এ রকম ভুল কেউ করবেন না।’ কয়েকমাস আগে বিয়ে করা স্ত্রীকে কেন এমন পশুবিকারে খুন করল রামানুজ, তা খতিয়ে দেখতে দফায় দফায় জেরা চালাচ্ছে পুলিশ।