‘দুর্গাপুজো না লিখলে স্টল করতে দেবেন না’,-জেনেনিন কী নির্দেশ দিলেন শুভেন্দু?

দুর্গাপুজোর পরিবর্তে ‘শারদোৎসব’ শব্দটির ব্যবহার নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভার অন্দরে বামপন্থীদের তীব্র আক্রমণ শানাতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় নির্দেশ দেন যে, এ বার পুজো মণ্ডপ চত্বরের কোনো স্টলে যদি ‘দুর্গাপুজো’ শব্দের বদলে ‘শারদোৎসব’ লেখা থাকে, তবে সেই স্টলগুলিকে যেন কোনোভাবেই বসার অনুমতি না দেওয়া হয়।

বাম শিবিরের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিউনিস্টরা সনাতন ধর্মকে কেবল একটি সীমিত ‘সাংস্কৃতিক’ বিষয় হিসেবে দেখতে অভ্যস্ত। সেই কারণেই তারা সুকৌশলে ‘দুর্গাপুজো’ শব্দটির পরিবর্তে ‘শারদোৎসব’ শব্দটি ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। বিধানসভায় ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, কমিউনিস্টরা যদি শারদোৎসবের বদলে স্পষ্ট করে দুর্গাপুজো না লেখে, তবে মণ্ডপ চত্বরে একটা স্টলও করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, দুর্গাপুজো মণ্ডপ চত্বরে লিটল ম্যাগাজিন বা সাহিত্যের স্টল দেওয়া বামপন্থী দলগুলির বহু পুরনো রেওয়াজ। সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যেই সামাজিক এই উৎসবে সামিল হওয়ার নির্দেশ দেয় সিপিএম নেতৃত্ব। এর সঙ্গে সরাসরি ধর্মাচরণের কোনো সম্পর্ক নেই বলেই মনে করে দলের একাংশ। উৎসবের সার্বজনীন ব্যঞ্জনা তুলে ধরতেই মূলত ‘শারদোৎসব’ শব্দবন্ধটি ব্যবহার করা হয়ে থাকে।

এদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। দলের নেতা ময়ূখ বিশ্বাস কটাক্ষ করে বলেন, যারা বাংলা ও বাঙালির ঐতিহ্য সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে না, তাদের মুখে এই ধরনের মন্তব্যই মানায়। পাশাপাশি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘শারদোৎসব’ নাটকটি একবার পড়ে দেখার জন্যও পরামর্শ দিয়েছেন তিনি। পুজোর আনন্দ ও উদযাপনের আবহেই নামের এই রাজনৈতিক তরজা ঘিরে এখন নতুন করে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *