‘ক্ষমতার চরম অপব্যবহার!’ রাবড়ি-তেজস্বীকে নিয়ে লালু প্রসাদের বিরুদ্ধে বড় আইনি পদক্ষেপ দিল্লির কোর্টের

আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারি এবং বেআইনি আর্থিক লেনদেন মামলায় রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জগঠন করার নির্দেশ দিল দিল্লির রাউস এভিনিউ আদালত। ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে রেলমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে পাটনায় বহুমূল্য জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে এই কড়া পদক্ষেপ করা হয়েছে।
দিল্লির বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে পর্যবেক্ষণ করেছেন যে, লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন তৎকালীন রেল আধিকারিকদের প্রভাবিত করে রাঁচি ও পুরীর দুটি আইআরসিটিসি হোটেল একটি নির্দিষ্ট বেসরকারি সংস্থাকে পাইয়ে দিয়েছিলেন। এর বিনিময়ে ঘুষ হিসেবে পাটনার একটি মহার্ঘ জমি ঘুরপথে রাবড়ি দেবীর নামে হস্তান্তর করা হয়, যাকে আদালত ‘অপরাধলব্ধ সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করেছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (PMLA) অধীনে লালু-পরিবারের তিন প্রধান সদস্যসহ মোট ৯ জনের বিরুদ্ধে এই মামলার চার্জগঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ অক্টোবর এই মামলায় আনুষ্ঠানিক চার্জ গঠন করা হবে।