সোয়াইপ করতে করতে ক্লান্ত? ডেটিং অ্যাপের দিন শেষ, সঙ্গী খুঁজতে এখন ট্রেন্ডে এই নতুন পদ্ধতি

ডেটিং অ্যাপের ভিড়ে বারবার একই ধরনের কথোপকথন এবং সোয়াইপ করার ক্লান্তিকর অভিজ্ঞতার দিন এবার ফুরিয়ে আসছে। অনলাইন পরিচয়ের যান্ত্রিকতা থেকে বেরিয়ে মানুষ এখন ফিরছে বাস্তব জীবনের মুখোমুখি সামাজিক মেলামেশায়। যার সাম্প্রতিক উদাহরণ হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ‘পিচ-এ-ফ্রেন্ড’ নামক একটি অভিনব ট্রেন্ড।
প্রচলিত নিয়মে নিজের জন্য সম্ভাব্য সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপ বা ঘটকের ওপর ভরসা করার দিন এখন অতীত। এই নতুন পদ্ধতিতে কেউ একা মঞ্চে দাঁড়ান না, বরং তার কোনো ভালো বন্ধু মঞ্চে উঠে তিন থেকে পাঁচ মিনিটের একটি ছোট উপস্থাপনার মাধ্যমে তাকে অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বন্ধুরাই সবার সামনে তুলে ধরেন মানুষটির স্বভাব, ভালোলাগা, রসবোধ এবং তার নির্ভরযোগ্যতার দিকগুলো।
যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি অঙ্গরাজ্য এবং ১০টি দেশে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই আয়োজন। মূলত ডেটিং অ্যাপের প্রতি মানুষের বাড়ছে অনীহা। অনলাইন নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় ডেটিং অ্যাপগুলোতে ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে ডেটিং অ্যাপে একই প্রসেসের মধ্য দিয়ে যেতে যেতে মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে।
বন্ধুর মাধ্যমে পরিচিত হওয়ার এই ব্যবস্থায় প্রাথমিক পর্যায়েই একটি সামাজিক আস্থা কাজ করে। ফলে ছবি বা কয়েকটি লাইনের অনলাইন পরিচয়ের চেয়ে মানুষটির আসল ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং রসবোধ খুব সহজেই সামনে চলে আসে। যদিও বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি মানেই যে সম্পর্ক সফল হবে এমন নয়, তবে এটি মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা এবং নতুন যোগাযোগের বরফ গলাতে দারুণ কাজ করছে। প্রযুক্তির এই যুগে ডিজিটাল পরিচয়ের পাশাপাশি মানুষ এখন চাইছে আরও একটু বেশি মানবিক এবং অর্থবহ প্রথম আলাপ।