কোচবিহারে বিশাল সোনা পাচার চক্রের হদিশ! ৮৯ লক্ষ টাকার বিস্কুট সহ গ্রেফতার এক
September 9, 2026

কোচবিহারের দিনহাটা থেকে প্রায় ৮৯ লক্ষ টাকার সোনা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। দিনহাটা-সাহেবগঞ্জ রোডের ফকিরটারি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ধৃত ব্যক্তির নাম রেজাউল করিম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি সীমান্তবর্তী চৌধুরীহাট এলাকায়।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় রেজাউলের কাছ থেকে পাঁচটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ৫৪১ গ্রাম। বর্তমান বাজারদর অনুযায়ী ওই সোনার আনুমানিক মূল্য প্রায় ৮৯ লক্ষ টাকা।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই সোনাগুলি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যেই কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই সোনা কোথা থেকে এল এবং কোথায় পাচার করা হচ্ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্ত জারি রয়েছে।