আম্বেদকর থেকে কানশিরামের রাজনীতিতে এবার সপা-র মাস্টারস্ট্রোক! উত্তরপ্রদেশের ২১ শতাংশ দলিত ভোট টানতে নেপথ্যে কোন বড় ছক?

উত্তরপ্রদেশের রাজনীতিতে রঙ কেবল পরিচয়ের মাধ্যম নয়, বরং এক একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক বার্তা। বিজেপির গেরুয়া আর সমাজবাদী পার্টির লাল টুপির পাশাপাশি এবার নিজেদের রাজনৈতিক পরিচয়ে নীল রং যুক্ত করার বড় পদক্ষেপ নিল অখিলেশ যাদবের দল। আসন্ন ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী ছাত্র সভার কর্মীদের জন্য নীল টি-শার্ট ও জিন্সের নতুন পোশাকবিধি চালু করেছে সপা। রাজনৈতিক মহলের মতে, এই পরিবর্তন কেবল সাংগঠনিক নয়, বরং বহুজন রাজনীতি ও আম্বেদকরবাদী ভাবধারার প্রতীক নীল রঙের মাধ্যমে সরাসরি দলিত তরুণদের মনে নিজেদের জায়গা করে নেওয়ার এক সুদূরপ্রসারী কৌশল।

ডঃ ভীমরাও আম্বেদকর এবং কানশিরামের হাত ধরে ভারতীয় দলিত রাজনীতিতে নীল রঙ বরাবরই সামাজিক ন্যায়বিচার, সমতা ও বহুজন চেতনার অবিচ্ছেদ্য প্রতীক হয়ে উঠেছে। উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশই দলিত সম্প্রদায়ভুক্ত। এতদিন এই ভোটব্যাঙ্কের একটি বড় অংশ বহুজন সমাজ পার্টির (BSP) বাক্সে গেলেও, সাম্প্রতিক সময়ে সেই সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে অ-জাটভ দলিতদের মধ্যে বিজেপির প্রভাব বাড়ায় এসপি তাদের ‘PDA’ (অনগ্রসর, দলিত ও সংখ্যালঘু) ফর্মুলাকে আরও শাণিত করতে চাইছে। লাল রঙের সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে নীল রঙের দলিত চেতনাকে একত্রিত করে সপা একদিকে যেমন ঐতিহ্যবাহী ভোটব্যাঙ্কে সিঁধ কাটতে চাইছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বেকারত্ব, ফি বৃদ্ধি ও প্রশ্নপত্র ফাঁসের মতো জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে নতুন প্রজন্মের ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *