বাজারের খরচ বাঁচিয়ে ঘরেই চাষ করুন আদা-হলুদ-লঙ্কা, জেনেনিন চাষের পদ্ধতি

বাড়িতে সামান্য জায়গা থাকলেই বাজার থেকে মশলা কেনার ঝামেলা চিরতরে মেটানো সম্ভব। বারান্দা, ছাদ কিংবা জানলার ধারের ছোট্ট জায়গাতেই কয়েকটি টব, ভালো মাটি ও সামান্য পরিচর্যায় নিজেই ফলিয়ে নিতে পারেন রান্নার নানা প্রয়োজনীয় মশলা। নিজের হাতে ফলানো মশলা রান্নায় ব্যবহার করার আনন্দই আলাদা।
টবে হলুদ ও আদা চাষের সহজ উপায় হলুদ চাষের জন্য প্রয়োজন শুধু কাঁচা হলুদের একটি গাঁট। পর্যাপ্ত আলো আসে এমন জায়গায় টব রেখে মাটি হালকা আর্দ্র রাখতে হবে, তবে জল জমতে দেওয়া যাবে না। অন্যদিকে, আদার ভালো টুকরো মাটির নিচে বসিয়ে উষ্ণ পরিবেশে সামান্য আর্দ্রতা বজায় রাখলেই গাছ বেড়ে ওঠে, তবে আদা তুলতে কিছুটা ধৈর্য ধরতে হয়।
ধনে, জিরে ও মৌরি চাষ ঘরেই চওড়া টবে ধনিয়ার বীজ ছড়িয়ে অল্প মাটি দিয়ে ঢেকে দিলেই দ্রুত চারা গজায়। জিরে চাষের জন্য মাঝারি টবে মাটির সঙ্গে কোকোপিট, বালি ও জৈব সার মিশিয়ে বীজ ছড়াতে হবে। এ ছাড়া ঝুরঝুরে মাটিতে জৈব সার মিশিয়ে মৌরির বীজ দিলেও খুব সহজে গাছ তৈরি করা সম্ভব।
কাঁচালঙ্কা, তেজপাতা ও রসুন চাষ বীজ বা নার্সারি থেকে আনা ছোট গাছ টবে বসিয়ে কয়েক ঘণ্টা রোদ পেলেই লঙ্কা ধরতে শুরু করে। তেজপাতার জন্য একটু বড় টব প্রয়োজন। অন্যদিকে, রসুনের কোয়া চওড়া পাত্রে বসালে কচি পাতা বের হয়, যা তরকারি বা চাটনিতে ব্যবহার করা যায়।
গাছ বাঁচিয়ে রাখার কিছু জরুরি টিপস টবে জল জমে যাতে শিকড় পচে না যায়, সেদিকে নজর রাখতে হবে এবং জলের নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। ঝুরঝুরে মাটিতে শিকড় সহজে বাড়ে। একসঙ্গে সব গাছ না লাগিয়ে প্রথমে ধনে, লঙ্কা বা রসুনের মতো সহজ গাছ দিয়ে শুরু করা বুদ্ধিমানের কাজ হবে।