“আমার টাকা, আমার পেট! অন্য কেউ ঠিক করবে আমি কী খাব?” বাংলাদেশে গোরুর মাংস খাওয়া নিয়ে ট্রোলদের কড়া জবাব বিশ্বজিৎ চক্রবর্তীর

ওপার বাংলায় গিয়ে খাবারের প্রশংসা করে নেটপাড়ায় মারাত্মক কটাক্ষের মুখে পড়লেন প্রবীণ বাঙালি অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সম্প্রতি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে নিজের পছন্দের খাবার হিসেবে পদ্মার ইলিশের পাশাপাশি গোরুর মাংস খাওয়ার পরিকল্পনার কথা জানান। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক ও চরম ট্রোলিং। তবে ট্রোলদের পাত্তা না দিয়ে এবার সোজা ব্যাটে জবাব দিলেন অভিনেতা নিজেই।

বিতর্কের মূল কারণ: বাংলাদেশে গিয়ে বিশ্বজিৎ চক্রবর্তী জানান, ইলিশ মাছের তেল ও ইলিশ ভাজা তাঁর অত্যন্ত প্রিয়। এর পাশাপাশি তিনি বলেন, রাতে গোরুর মাংস খাওয়ার ইচ্ছে রয়েছে। এই ক্লিপটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। একজন হিন্দু অভিনেতা হয়ে কীভাবে তিনি প্রকাশ্যে গোরুর মাংস খাওয়ার কথা বলছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকি অনেকে তাঁকে কটাক্ষ করে বলেন, “বাংলাদেশে রয়ে যান” বা “কলকাতায় ফিরলে ডিম খাওয়ানো হবে।” অবশ্য নেটিজেনদের বড় একটি অংশ তাঁর পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘আপ রুচি খানা’—কে কী খাবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়।

ট্রোলদের কড়া জবাব অভিনেতার: এই বিষয়ে মুখ খুলে খোশমেজাজেই কটাক্ষকারীদের ধুয়ে দিয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি বলেন, “আমার পেট, আমার মন, আমার হাত আর খাবার কেনার টাকাটাও আমার! তাহলে আমি কী খাব বা কতটা খাব, তা অন্য কেউ ঠিক করে দেওয়ার কে? বললেই হলো নাকি?”

তিনি জানান, এক বোনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গত ৪ তারিখ বাংলাদেশে গিয়েছিলেন এবং ৫ তারিখ ফিরেও এসেছেন। সেখানকার আতিথেয়তায় তিনি অভিভূত। পাশাপাশি ট্রোলিং এবং কুৎসিত আক্রমণের বিরুদ্ধে যে তিনি ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছেন, সে কথা জানিয়ে বলেন, “বিষয়টি যেহেতু এখন আদালতের বিচারাধীন, তাই এর চেয়ে বেশি মন্তব্য করা সমীচীন হবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *