জিও-স্টারলিঙ্কের জন্য বড় সুখবর! ভারতে স্যাটেলাইট ইন্টারনেট চালুর পথ কি এবার পুরোপুরি পরিষ্কার?

স্টারলিঙ্ক, ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিও-র মতো বড় বড় সংস্থার জন্য ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালুর পথ এবার অনেকটাই প্রশস্ত হলো। বিশ্বস্ত সূত্রে খবর, সচিবদের একটি বিশেষ গোষ্ঠী স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দ সংক্রান্ত ট্রাই (TRAI)-এর সমস্ত সুপারিশ অনুমোদন করেছে। গত সপ্তাহে এই বিষয়ে ডিজিটাল কমিউনিকেশনস কমিশন একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেছে। তবে এই পুরো প্রক্রিয়াটি চূড়ান্তভাবে বাস্তবায়নের জন্য এখন কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সরকার।
৫ বছরের জন্য মিলবে স্পেকট্রাম
গত বছর ট্রাইয়ের তরফে স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়া হয়েছিল, যা এবার সচিবদের গ্রুপের সবুজ সঙ্কেত পেল। এই অনুমোদনের নিয়ম অনুযায়ী, কোম্পানিগুলোকে মূলত পাঁচ বছরের জন্য স্পেকট্রাম বরাদ্দ করা হবে। এর বিনিময়ে টেলিকম সংস্থাগুলোকে তাদের এজিআর (AGR)-এর ৫ শতাংশ হারে স্পেকট্রাম ইউসেজ চার্জ (SUC) দিতে হবে। তবে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে, গ্রামীণ এলাকায় যারা এই স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করবে, সেই কোম্পানিগুলোর জন্য এসইউসি (SUC)-এর পরিমাণ কিছুটা কম রাখা হবে।
লাভবান হবে স্টারলিঙ্ক ও জিও
স্পেকট্রাম বরাদ্দের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এলন মাস্কের স্টারলিঙ্ক, ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিও-র মতো দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলির বাণিজ্যিক পরিষেবা শুরুর ক্ষেত্রে আর কোনো বড় বাধা থাকবে না। একটি নির্দিষ্ট সরকার-নির্দেশিত প্রক্রিয়ার মাধ্যমেই এই সমস্ত সংস্থাকে স্পেকট্রাম দেওয়া হবে। তবে ক্যাবিনেটের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরেই এই নীতি রূপায়ণের কাজ দ্রুতগতিতে এগোবে বলে মনে করা হচ্ছে।