সত্যিই কি অদৃশ্য হওয়া সম্ভব? এই জাদুকরী শার্ট গায়ে চাপালে সিসিটিভি ক্যামেরাও খুঁজে পাবে না আপনাকে!

রূপকথার গল্পে অদৃশ্য হওয়ার চাদর কিংবা সায়েন্স ফিকশন ছবির মিস্টার ইন্ডিয়ার গায়েব হয়ে যাওয়ার ম্যাজিক এবার সত্যি হতে চলেছে বাস্তবে! তবে মানুষের চোখ এড়িয়ে নয়, বরং আধুনিক এআই চালিত সিসিটিভি ক্যামেরার চোখে আপনাকে দেখতে পাওয়া সম্পূর্ণ ‘নামুমকিন’ করে তুলতে পারে একটি বিশেষ পোশাক। জার্মানির পোশাকশিল্পী সিমন ওয়েকার্ট এমনই এক আজব ও অভিনব শার্ট তৈরি করে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন, যা পরলে সিসিটিভি ক্যামেরা হাজার চেষ্টা করেও আপনাকে মানুষ বলে শনাক্ত করতে পারবে না।
কেমন দেখতে এই ‘ম্যাজিক জামা’?
প্রথম নজরে এই শার্টটিকে আর দশটা সাধারণ জামার মতোই মনে হবে। উজ্জ্বল সবুজ, কমলা আর গোলাপির আঁকিঁবুকি কাটা একটি হাফ-হাতা জংলা প্রিন্টের এই শার্ট ফ্যাশনের দিক থেকে খুব একটা আলাদা না হলেও, এর আসল জাদু লুকিয়ে রয়েছে এর অদ্ভুত রঙ এবং প্রিন্টের ভেতরে। সিমন ওয়েকার্টের প্রকাশিত লাইভ সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই জংলা শার্ট পরা কোনো ব্যক্তি ক্যামেরার সামনে দিয়ে যাতায়াত করলেও, আধুনিক এআই সিস্টেম তাঁকে ‘মানুষ’ হিসেবে চিহ্নিত করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। মনিটরে আশপাশের বাকি সবার ওপর সবুজ ডিজিটাল ফ্রেম তৈরি হলেও, ওই শার্ট পরা ব্যক্তির ক্ষেত্রে ক্যামেরা সম্পূর্ণ ‘অন্ধ’ হয়ে থাকছে।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
জার্মানির বার্লিন প্রশাসনের সার্বজনীন নজরদারি ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতেই এই পোশাক তৈরির পরিকল্পনা করেছিলেন সিমন। সিসিটিভি ক্যামেরা মানুষের নির্দিষ্ট আকার, আকৃতি, হাঁটার ধরণ এবং রঙের বিন্যাস দেখে যে অ্যালগরিদম বা ‘ভিশন সিস্টেম’-এর সাহায্যে মানুষ চেনে, এই শার্টের প্রিন্ট ঠিক সেই অ্যালগরিদমকেই বিভ্রান্ত করে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণ ক্ষমতাকে ধোঁকা দিয়ে এটি ক্যামেরাকে অন্য কোনো জড় বস্তু বা বস্তু হিসেবে ভুল বোঝায়।
বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি অপরাধীদের হাতে পড়লে সাময়িক সমস্যা হতে পারে মনে হলেও, ক্যামেরার লাইভ ফুটেজ বা খালি চোখে মনিটর করলে অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ থাকে না। প্রযুক্তির যুগে নজরদারি এড়ানোর এই অভিনব উদ্ভাবন এখন টেক প্রেমীদের মধ্যে দারুণ কৌতূহলের সৃষ্টি করেছে।