টাকা দিতে না পারায় চরম মূল্য! জঙ্গলমহলের বাঁকুড়ায় তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন এক তরুণী। জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় জনৈক বন্ধুর সঙ্গে যাওয়ার সময় তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে এবং আদালত তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) বাঁকুড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরে হরিয়ালগাড়া গ্রামে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎই দুই যুবক তাঁদের পথ আটকায়। কোনো কারণ দর্শানো ছাড়াই যুবকের কাছে নগদ পাঁচ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় হেনস্তা।

পরিস্থিতি সামাল দিতে অনলাইনে টাকা ট্রান্সফার করতে চান ওই তরুণী, কিন্তু তাতে রাজি হয়নি দুষ্কৃতীরা। এরপর ওই যুবককে বেধড়ক মারধর করে তরুণীকে জোর করে পাশের একটি জঙ্গলে টেনে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর দুষ্কৃতীরা পালিয়ে গেলে কোনোমতে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরেন মানসিকভাবে ভেঙে পড়া ওই তরুণী।

প্রাথমিকভাবে চরম আতঙ্কের মধ্যে থাকলেও, ভয় কাটিয়ে পরের দিনই বাঁকুড়া সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তরুণীর অভিযোগের ভিত্তিতে মারধর, জোর করে টাকা আদায়, শ্লীলতাহানি ও গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। নির্যাতিতা ও তাঁর বন্ধুর দেওয়া বিবরণের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। রবিবার তাদের আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন। সম্প্রতি ঝাড়গ্রামের লালগড়েও অনুরূপ এক ঘটনার জেরে নিরাপত্তা ও মহিলাদের সুরক্ষা নিয়ে রাজ্যজুড়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *