২৪ ঘণ্টার মাথায় পুলিশের জালে পিজির মালিক! দিল্লির বহুতল ধসের নেপথ্যে আর কোন বড় জালিয়াতি?

দিল্লির সত্য নিকেতনে মর্মান্তিক বহুতল ধসের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বড় সাফল্য পেল পুলিশ। রবিবারের এই ভয়াবহ দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর পর থেকেই পলাতক থাকা মূল অভিযুক্ত তথা বাড়ির মালিক হরিরাম গুপ্তকে সোমবার হরিয়ানা ও রাজস্থান সীমান্তবর্তী ভিওয়াদি এলাকা থেকে আটক করেছে দিল্লি পুলিশ। ঘটনার পরই তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিরাম গুপ্ত গত ১৫ বছর ধরে ওই এলাকায় একটি হার্ডওয়্যারের দোকান চালাতেন এবং স্থানীয় এলাকায় তাঁর পরিচয় ছিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে। এছাড়া পালম বিহার ও সেক্টর ২৩ এলাকাতেও তাঁর একাধিক সম্পত্তি রয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের ঠিক পাশেই সত্য নিকেতন এলাকায় ‘হোস্টেল ডেজ’ নামে ওই প্রাচীন পাঁচতলা পিজি বিল্ডিংটি পরিচালনা করতেন তিনি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ৫৫ গজ জমির ওপর রিহ্যাবিলিটেশন কলোনিতে গড়ে ওঠা ওই বিল্ডিংয়ের বৈধ অনুমোদন ছিল মাত্র গ্রাউন্ড প্লাস ওয়ান (জি+১)। কিন্তু সমস্ত সরকারি নিয়ম ও নিরাপত্তা মাশুল বুড়ো আঙুল দেখিয়ে সেখানে বেআইনিভাবে পাঁচতলা বিল্ডিং নির্মাণ করা হয়েছিল। গত রবিবার যখন এই বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তখন সেখানে মেরামতির কাজ চলছিল। প্রাথমিক অনুমান, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে বিল্ডিংয়ের বেসমেন্টে জল জমে ভিত মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল, যার ফলেই এই বড়সড় বিপর্যয় ঘটে। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই অবৈধ নির্মাণের নেপথ্যে আরও কার কার হাত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।