প্রথমবার জুটি বাঁধলেন ওম-মৌপিয়া! পরিচালক দুর্জয় মণ্ডলের নতুন ছবি ‘অভিনেত্রী’-র ফার্স্ট লুক আসতেই জমল রহস্যের জট!

টলিউডে আসছে এক নতুন চমক। পরিচালক দুর্জয় মণ্ডলের নতুন বাংলা ছবি ‘অভিনেত্রী’-র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দানা বেঁধেছে কৌতূহল। এই ছবিতে এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি ও মৌপিয়া গোস্বামী। ছবির ফার্স্ট লুকেই ধরা পড়েছে প্রেম, স্বপ্ন এবং সম্পর্কের আবেগের পাশাপাশি অজানা এক রহস্যের রোমাঞ্চকর ইঙ্গিত।

পরিচালক দুর্জয় মণ্ডল স্পষ্ট করে দিয়েছেন, ‘অভিনেত্রী’ আদতে কোনো গতানুগতিক প্রেমের গল্প নয়। বরং এর পটভূমিতে রয়েছে একাধিক মনস্তাত্ত্বিক স্তর ও অজানা রহস্য, যা ধীরে ধীরে উন্মোচিত হবে দর্শকের সামনে। ছবির গল্প আবর্তিত হয়েছে কাব্য রায় (ওম সাহানি) এবং পদ্মজা (মৌপিয়া গোস্বামী) নামের দুই উচ্চাকাঙ্ক্ষী চরিত্রকে ঘিরে।

কারা এই কাব্য ও পদ্মজা? কাব্য একজন উঠতি লেখক, যে নিজের স্বপ্নপূরণের তাগিদে প্রযোজক-পরিচালকদের অফিসে চক্কর কেটে চলে। জীবনের কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে নিজের একটা পরিচয় তৈরি করতে চায় সে। অন্যদিকে, পদ্মজা একজন প্রতিভাবান মডেল ও অভিনেত্রী, যার লক্ষ্য বিনোদন দুনিয়ায় নিজের পাকা জায়গা তৈরি করা। দুই ভিন্ন জগতের এই মানুষ কীভাবে একে অপরের জীবনে আসে, আর বাস্তবতার সঙ্গে লড়াই করে কীভাবে তারা নিজেদের স্বপ্ন ও সম্পর্ককে টিকিয়ে রাখে—তা নিয়েই এগোবে চিত্রনাট্য।

সম্পর্কের সমীকরণে রহস্যের জাল কাব্য ও পদ্মজার সম্পর্ক কেবল প্রেমের সরল সমীকরণে আটকে নেই। তাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, পেশাগত লড়াই এবং টানাপোড়েনের মাঝেই পরিচালক বুনেছেন মনস্তাত্ত্বিক রহস্যের জাল। ছবির চমক বজায় রাখতে নির্মাতারা এখনই গল্পের বড় বাঁকগুলো প্রকাশ করতে নারাজ। তবে ফার্স্ট লুকের পর থেকেই সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *