যে মিষ্টি খেয়ে জীবন হারাচ্ছেন না তো? দুর্গাপুরের এই কারখানার ভয়ংকর কাণ্ড দেখলে আর মুখের সামনে মিষ্টি তুলবেন না!

খাদ্যরসিক বাঙালি মানেই মিষ্টির প্রতি আলাদা টান। কিন্তু আপনি যে সুস্বাদু মিষ্টি মুখে পুড়ছেন, তা কোন নরককুণ্ডে তৈরি হচ্ছে জানেন কি? দুর্গাপুরের একাধিক মিষ্টির কারখানায় হানা দিয়ে যা দেখলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা, তাতে শিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষ!
সোমবার দুর্গাপুরের গোপাল মাঠ এলাকার একাধিক মিষ্টির দোকান, গোডাউন এবং খাবারের দোকানে আচমকা অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। আর সেই অভিযানেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর সব তথ্য। আধিকারিকরা দেখতে পান, যে জায়গায় রকমারি মিষ্টি তৈরি হচ্ছে, সেখানে অবাধে কিলবিল করছে আরশোলা। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পচা মিষ্টির রস ও বাসি খাবার।
উদ্ধার মেয়াদ উত্তীর্ণ মশলা ও বিপজ্জনক কেমিক্যাল পরিদর্শনের সময় শুধু আরশোলাই নয়, গোডাউন থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ মশলা, ছত্রাক ধরা মোমো এবং ক্ষতিকর কেমিক্যাল ও রং। মিষ্টির স্বাদ বাড়াতে বা রঙ করতে এই ধরনের ব্যবহার অনুপযোগী রাসায়নিক প্রকাশ্যেই ব্যবহার করা হচ্ছিল। ঘটনার আকস্মিকতায় আধিকারিকদের চোখ কপালে ওঠে।
কড়া পদক্ষেপ প্রশাসনের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলেই সমস্ত পচা, বাসি ও ক্ষতিকারক খাদ্যসামগ্রী নষ্ট করে ফেলে দেওয়া হয়। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক শুভম ঘোষ জানিয়েছেন, অভিযুক্ত দোকান মালিকদের কঠোরভাবে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে এই ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না; ধরা পড়লে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।