“মাথা কেটে ফ্রিজে বন্দি!”-গুয়াহাটির ফ্ল্যাটে বধূকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য

সম্পর্কের চরম টানাপোড়েনের জেরে এক নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী রইল গুয়াহাটির হাতিগাঁও এলাকা। সোমবার বশিষ্টপুর অঞ্চলের একটি ফ্ল্যাট থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশি তদন্তে জানা গিয়েছে, নিহত ওই মহিলার নাম রিয়া তালুকদার। তিনি ফ্যান্সি বাজারের একটি এসি মার্কেটের বুটিকে কাজ করতেন। এই জঘন্য কাণ্ডে রিয়ার স্বামীর ভূমিকা ঘিরে তীব্র রহস্য দানা বেঁধেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে গভীর রাতে রিয়া ও তাঁর স্বামী রামানুজনের মধ্যে তীব্র পারিবারিক অশান্তি হয়েছিল। এরপর রবিবার সকালে তিন তলার ওই ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা সঙ্গে সঙ্গে হাতিগাঁও থানায় খবর দেন। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই লোমহর্ষক দৃশ্যের মুখোমুখি হয়। তদন্তকারীদের প্রাথমিক দাবি, খুনের পর মহিলার মাথা ও হাতের আঙুল কেটে ফেলা হয় এবং সেগুলি কালো প্লাস্টিকে মুড়ে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছিল।

পুলিশের অনুমান, দেহ উদ্ধারের ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে মৃতার স্বামী রামানুজান। দাম্পত্য কলহের জেরে এই খুন, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী অফিসাররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *