সলমনের শোয়ে সরাসরি লড়বেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন! বিগ বসের ঘরে আর কোন কোন চমকপ্রদ তারকা?

রিংয়ের কঠিন লড়াই পেরিয়ে এবার ঘরের অন্দরের কূটনীতিতে নিজের জায়গা ধরে রাখতে সলমনের রিয়্যালিটি শোয়ে পা রাখছেন খোদ কিংবদন্তি বক্সার তথা ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী এই তারকা ক্রীড়াবিদের এন্ট্রি নিঃসন্দেহে এই সিজনের সবথেকে বড় চমক হতে চলেছে। তাঁর সঙ্গে এই মেগা শোয়ে বিনোদনের পারদ চড়াতে হাজির হচ্ছেন বিনোদন দুনিয়ার এক এক হেভিওয়েট তারকা।
আসন্ন এই সিজনে প্রতিযোগীদের তালিকায় নাম রয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা আম্রপালি দুবে এবং ওটিটির জনপ্রিয় মুখ আসিফ খানের। ‘পঞ্চায়েত’ ও ‘মির্জাপুর’-এর মতো সিরিজে অভিনয় করে দর্শকের মন জয় করা এই শক্তিশালী অভিনেতা এবার চিত্রনাট্য ছাড়া বাস্তবের কঠিন খেলায় কেমন পারফর্ম করেন, সেদিকেই নজর থাকবে সবার। পাশাপাশি ফ্যাশন দুনিয়ার সুপরিচিত মুখ উদিতি সিং, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মাহি ভিজ এবং কণিকা মানও এই সিজনের অন্যতম আকর্ষণ।
তালিকায় আরও রয়েছেন মিউজিক শো বিজয়ী গায়ক কাজি তৌকির, অভিনেতা রোহেদ খান, ডিজিটাল ইনফ্লুয়েন্সার আরিশফা খান এবং অভিনেতা আমন গান্ধী। রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিনেতা মনোজ তিওয়ারির মেয়ে ঋতি তিওয়ারির পাশাপাশি পাঞ্জাবি ও হিন্দি সিনেমার পরিচিত মুখ ইশা রিখি, লাভ গিল এবং তরুণ র্যাপার ইয়ুং DSA-ও এই হাই-ভোল্টেজ শোয়ের অংশ হতে চলেছেন। আঞ্চলিক বিনোদন ও ওটিটি দুনিয়ার তারকাদের এই মিলনমেলা বিগ বসের অন্দরে নতুন কোন সমীকরণ তৈরি করে, সেটাই এখন দেখার অপেক্ষা।