জেলে ধুঁকছেন ইমরান খান! প্রাক্তন পাক অধিনায়কের সুচিকিৎসা ও সম্মানের দাবিতে গর্জে উঠলেন ব্রায়ান লারা

কারাবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের যথাযথ চিকিৎসা এবং মর্যাদার দাবিতে এবার সরাসরি মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজের প্ৰাক্তন অধিনায়ক ব্রায়ান লারা। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি জোরালো বার্তা পোস্ট করে লারা জানান, ইমরানের বর্তমান দুর্বিষঙ্গ দশা দেখে তিনি অত্যন্ত বিস্মিত ও মর্মাহত। অবিলম্বে তাঁকে স্বাধীন এবং উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার দাবি তুলেছেন তিনি।

খেলোয়াড় জীবনে মাঠের লড়াইয়ে ইমরানের মুখোমুখি হওয়া লারা জানিয়েছেন, অল্প সময়ের সেই দেখাতেই ইমরানের প্রতি তাঁর যে গভীর শ্রদ্ধা জন্ম নিয়েছিল, তা আজও অটুট রয়েছে। একসময়ে যিনি নিজের দেশের মানুষের কাছে আশা ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, আজ তাঁর এমন করুণ দশা কিছুতেই মেনে নেওয়া যায় না। লারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই দাবি কোনও রাজনৈতিক অবস্থান থেকে নয়, এটি সম্পূর্ণভাবে মানবিকতার খাতিরে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকেই দুর্নীতির বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ৭৩ বছর বয়সি ইমরান খান। এর আগেও সুনীল গাভাসকর, কপিল দেব, গ্রেগ চ্যাপেল ও প্যাট কামিন্সের মতো বিশ্ব ক্রিকেটের তাবড় তারকারা ইমরানের সুচিকিৎসা ও মানবিক আচরণের পক্ষে সওয়াল করেছেন। সম্প্রতি ইমরানের দুই পুত্র সুলেমান ও কাসিম তাঁদের বাবার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা আরও তীব্র হয়েছে। সব মিলিয়ে, কারাবন্দি ইমরানের পাশে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্বের কিংবদন্তিদের এই ঐক্যবদ্ধ দাবি পরিস্থিতিকে আরও জোরালো করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *