‘মিথ্যা বেশিদিন টেকে না…’, ঐতিহ্যশালী কলেজে দাঁড়িয়ে GenZ দের কড়া বার্তা মোদীর

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শ্রী রাম কলেজ অফ কমার্স (SRCC)-এর শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে এক সুরেই বিরোধীদের আক্রমণ এবং নিজের সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলেজের দীর্ঘ ইতিহাসের প্রশংসা করার পাশাপাশি তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ১০০ টাকার একটি স্মারক মুদ্রাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুরনো একটি প্রসঙ্গ টেনে মোদী বলেন, সত্যের জোরের সামনে মিথ্যা বেশিদিন টিকে থাকতে পারে না। তিনি স্পষ্ট জানান, তোষণ বা ‘মাই-বাপ’ সংস্কৃতির তিনি বরাবরই বিরোধী এবং এই সংস্কৃতির সমর্থকদের সামনে তিনি সর্বদা পাথরের মতো অনড় হয়ে দাঁড়িয়ে আছেন। তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, তিনি আজ নিজের কাজের ‘রিপোর্ট কার্ড’ নিয়ে তাঁদের সামনে হাজির হয়েছেন এবং গত কয়েক বছরে দেশের শিক্ষা ও পরিকাঠামোয় যে বড় পরিবর্তন এসেছে, তা তুলে ধরতে চান।
অনুষ্ঠানে ২০১৩ সালের ‘মেড ইন ইন্ডিয়া’ সংক্রান্ত তাঁর পুরোনো মন্তব্যের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, একসময় দেশের একটি রাজনৈতিক অংশ মনে করত দেশেই পণ্য উৎপাদন অসম্ভব। এমনকি, সেই মানসিকতার মানুষ আজও ‘মেড ইন ইন্ডিয়া’ নিয়ে ঠাট্টা করতে পিছপা হন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেশের পরিস্থিতি ও দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে দাবি করে মোদী জানান, আজ বিশ্বজুড়ে দেশীয় ব্র্যান্ডগুলির গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।