ভারতের কাছে শোচনীয় হারের পরেই অদ্ভূত দাবি পাক মেন্টরের! নেটপাড়ায় চরম ট্রোলড ওয়াহাব রিয়াজ

মহিলা এশিয়া কাপ ২০২৬-এ ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের মুখ পড়তে হয়েছে পাকিস্তানকে। দুবাইয়ে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ ম্যাচে টিম ইন্ডিয়া মাত্র ৫৫ রানে গুটিয়ে দেয় পাকিস্তানকে। এরপর মাত্র ৯ ওভারেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত। দলের এমন ভরাডুবির পর চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান মহিলা দলের মেন্টর ওয়াহাব রিয়াজকে।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুর দিকে স্কোরবোর্ডে বিনা উইকেটে ২৭ রান থাকলেও, এরপর মাত্র ২৮ রান যোগ করতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরো দল। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যাওয়ার পরও ওয়াহাবের দাবি, তাঁর দলই এই টুর্নামেন্টের ‘সেরা দল’।

ম্যাচের পর সংবাদমাধ্যমে ওয়াহাব রিয়াজ বলেন, “আমার বিশ্বাস এই মেয়েরা অত্যন্ত দক্ষ ও প্রতিভাবান। একটিমাত্র হার দিয়ে দল বিচার করা উচিত নয়। আমি এখনও বিশ্বাস করি, পাকিস্তানই এশিয়া কাপ ২০২৬-এর সেরা দল। আমরাই ট্রফি তুলব।” তাঁর এই মন্তব্যের পরই শুরু হয়েছে তীব্র হাসিঠাট্টা ও ট্রোলিং। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী লিখেছেন, “মনে হচ্ছে ভাই মাইকের সামনে বসার আগে স্কোরবোর্ডের কথাই ভুলে গিয়েছিলেন।” অন্য একজনের মন্তব্য, “এই আত্মতুষ্টি আর অতি-আত্মবিশ্বাসই পাকিস্তানকে ডোবাচ্ছে।”

শুধু তাই নয়, ম্যাচের চলাকালীন পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানা ভারতীয় ব্যাটার শেফালি বর্মাকে আউট করে যেভাবে ড্রেসিংরুমের পথ দেখান এবং অতিরিক্ত উল্লাস করেন, তা নিয়েও স্পোর্টসম্যানশিপের প্রশ্ন উঠেছে। দলের এমন পারফরম্যান্সের পরেও ওয়াহাবের এই ‘আত্মবিশ্বাসী’ মন্তব্য এখন ক্রিকেট মহলে অন্যতম চর্চার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *