ক্যামাক স্ট্রিট কাণ্ড: সোমবারই কি থানায় হাজিরা দিচ্ছেন প্রাক্তন আইপিএস? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

ক্যামাক স্ট্রিট কাণ্ডের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ভবন খালি করার নির্দেশ দিয়ে পুরসভা ও দমকলের একের পর এক নোটিস পাঠানো হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। এবার এই বিতর্কেই তদন্তের পরিধি বাড়িয়ে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকেও নোটিস দিল পুলিশ।

শনিবার রাতে ও রবিবার সকালে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে হানা দেন শেক্সপিয়ার সরণি থানার আধিকারিকরা। রবিবারে কসবা থানার পুলিশকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ দল। এর আগে দু’বার তাঁর বাড়িতে নোটিস দিতে গেলেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে এদিন তাঁর চালকের হাতে নোটিস তুলে দেওয়া হয়।

সূত্রের খবর, ক্যামাক স্ট্রিট কাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৯ সেপ্টেম্বর হুমায়ুন কবীরকে শেক্সপিয়ার সরণি থানায় তলব করা হয়েছে। তিনি ৯ তারিখেই থানায় হাজিরা দিতে পারেন বলে খবর মিলেছে। যদিও তাঁর চালক জানিয়েছেন, নির্দেশ পেলে তিনি কালকেই হাজিরা দিতে পারেন।

উল্লেখ্য, বিলবোর্ড খুলতে গিয়ে পুরসভা ও পুলিশকে হেনস্তার অভিযোগে এর আগে ডেরেক ও’ব্রায়েন ও বৈশ্বানর চট্টোপাধ্যায়দেরও নোটিস পাঠানো হয়েছিল। অন্যদিকে, এই একই ঘটনায় গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আপ্তসহায়ক সুমিত রায়কেও তলব করেছে পুলিশ। আগামী সোমবার দুপুরে তাঁকে শেক্সপিয়ার সরণি থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *