উত্তম কুমারকে ‘নায়ক’ করায় বেঁকে বসেছিলেন অনেকেই! সত্যজিৎ রায়কে নিয়ে কী এমন বলেছিলেন সমালোচকরা?

নন্দনে শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত ‘উত্তম ফিল্ম ফেস্টিভ্যাল’। উৎসবের উদ্বোধনী দিনে সত্যজিৎ রায় পরিচালিত কালজয়ী ছবি ‘নায়ক’ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করার পর থেকেই স্মৃতির সরণীতে হেঁটেছেন সত্যজিৎ-পুত্র তথা পরিচালক সন্দীপ রায়। আর সেখানেই উঠে এসেছে উত্তম কুমারকে নিয়ে সেই সময়ের একাধিক অজানা ও চাঞ্চল্যকর তথ্য।
উত্তম কুমারকে কাস্টিং করায় সমালোচনার ঝড়
সন্দীপ রায় জানিয়েছেন, ‘নায়ক’ ছবিটির চিত্রনাট্য সরাসরি লেখা হয়েছিল মহানায়ক উত্তম কুমারকে মাথায় রেখেই। কিন্তু সত্যজিৎ রায় যখন ঘোষণা করেন যে তিনি উত্তম কুমারকে নিয়ে ছবি বানাচ্ছেন, তখন ইন্ডাস্ট্রির অনেকেই খড়্গহস্ত হয়েছিলেন। অনেকেরই ধারণা ছিল, বাণিজ্যিক ছবির জনপ্রিয় নায়ককে নিয়ে ছবি বানিয়ে সত্যজিৎ বাবু বুঝি ‘কম্প্রোমাইজ’ বা আপস করছেন। তবে সমালোচকদের সেই সব কথায় কান না দিয়ে সত্যজিৎ রায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই চরিত্রের জন্য উত্তম কুমার ছাড়া আর কাউকে সাধারণ মানুষ মেনে নেবে না।
মেকআপ ছাড়াই শুটিং ও নকল ট্রেনের ম্যাজিক
ছবির শুটিংয়ের সময়ের স্মৃতি হাতড়ে সন্দীপ রায় জানান, সেই সময় চিকেন পক্স থেকে সদ্য সেরে ওঠা উত্তম কুমারের মুখে কিছু দাগ ছিল। কিন্তু সত্যজিৎ বাবুর কড়া নির্দেশ ছিল কোনও মেকআপ ব্যবহার করা হবে না। বড় পর্দায় নিজের সেই রূপ দেখে প্রথমে অবাক হলেও পরে স্বয়ং উত্তম কুমার আপ্লুত হয়ে পড়েছিলেন।
পাশাপাশি, ছবির বিশাল অংশ জুড়ে থাকা ট্রেনের দৃশ্য নিয়ে মজার ঘটনাও ভাগ করে নেন তিনি। ছবির প্রায় ৯৫ শতাংশ শুটিং হয়েছিল স্টুডিওর ভেতরে নকল ট্রেনে। বংশীবাবুর মনে সংশয় থাকলেও সত্যজিৎ রায় আত্মবিশ্বাসী ছিলেন যে দর্শকরা ট্রেন দেখছে না, পর্দায় উত্তম কুমারকে দেখছে। আর সত্যিই সেই ছবি দেশে তো বটেই, আন্তর্জাতিক মহলেও দারুণ প্রশংসিত হয়েছিল।