পর্দার খলনায়িকা থেকে সরাসরি রাজনীতির ময়দানে! গেরুয়া শিবিরে যোগ দিয়েই কোন বড় পদ পেলেন মানসী?

ছোটপর্দার অত্যন্ত চেনা ও জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত এবার ক্যামেরার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া ছেড়ে পা রাখলেন রাজনীতির ময়দানে। কখনো খলনায়িকা আবার কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে (BJP)। সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের রাজনৈতিক জীবনের এই নতুন অধ্যায়ের খবর শেয়ার করেছেন তিনি।
কোন দায়িত্ব পেলেন অভিনেত্রী? দলীয় সূত্রে খবর, রাজনীতিতে পা রেখেই বড় দায়িত্ব দেওয়া হয়েছে মানসীকে। তাঁকে ভারতীয় জনতা মজদুর সেলের (BJMC) দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজনৈতিক কেরিয়ারের প্রথম দিনটিকেই নিজের জীবনের বড় মাইলফলক হিসেবে দেখছেন অভিনেত্রী। কাকতালীয়ভাবে, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের দিনেই গেরুয়া শিবিরে তাঁর এই যোগদান দিনটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
কী বললেন মানসী? এর আগে কখনও শাসক দল বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল না বলেই স্পষ্ট জানিয়েছেন মানসী। পুরনো রাজনীতির কাঁদা ছোড়াছুড়িতে না গিয়ে কেবল সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থেই কাজ করতে চান তিনি। উল্লেখ্য, ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলব তোমায়’, ‘উমা’র মতো একাধিক হিট সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। অন্যদিকে চলতি বছরের মার্চ মাসে স্বামী রাজীব বোসের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে একা হাতে সামলানো এই সিঙ্গেল মাদার এবার রাজনীতির মঞ্চে কতটা সফল হন, এখন সেটাই দেখার!