বিশেষজ্ঞ দলের চাঞ্চল্যকর রিপোর্টের পরেই বড় ধাক্কা! কোণঠাসা হাসপাতালের সুপার!

মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগস্ট মাসে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। আর এই মর্মান্তিক ঘটনার পরেই বড়সড় পদক্ষেপ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। বিশেষজ্ঞ দলের হাতে পাওয়া রিপোর্টের ভিত্তিতে হাসপাতালের সুপার তথা এমএসভিপি (MSVP) প্রসেনজিৎ বরকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অগস্টে মৃত্যুর ভয়ঙ্কর চিত্র: তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মোট ৮৯টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একদিনেই ১০ জন শিশুর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। এরপর মাত্র তিন সপ্তাহের মধ্যে ৬০টিরও বেশি শিশুর মৃত্যু হলে নড়েচড়ে বসে স্বাস্থ্য ভবন। পরিস্থিতি খতিয়ে দেখতে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল হাসপাতালে পাঠানো হয়।

কী উঠে এসেছে বিশেষজ্ঞ দলের রিপোর্টে? বিশেষজ্ঞ দলের চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য জানিয়েছেন, অপুষ্টির পাশাপাশি জন্মের পর তীব্র শ্বাসকষ্ট, হৃদ্‌রোগজনিত সমস্যা, জন্ডিস এবং কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের মধ্যেই মৃত্যুর হার সবচেয়ে বেশি দেখা গেছে। পাশাপাশি, জেলা স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব এবং পরিকাঠামোয় কিছু বড় খামতির কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর স্বাস্থ্য দফতরের এমন কড়া পদক্ষেপে চিকিৎসকমহলে ও রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *