‘বিয়ে করতে চাইনি, শুধু টাকাটাই আসল ছিল!’ ২০০৯-এর স্বয়ংবর নিয়ে এতদিন বাদে বিস্ফোরক রাখী সবন্ত

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বিতর্কিত ও চর্চিত চরিত্র রাখী সবন্ত (Rakhi Sawant)। বিভিন্ন সময়ে নানা অদ্ভুত কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। ২০০৯ সালে একটি জনপ্রিয় চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল এক অভিনব রিয়্যালিটি শো—‘রাখী কা স্বয়ম্বর’। যেখানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ১৬ জন প্রতিযোগীর মধ্যে থেকে নিজের বর বেছে নেওয়ার কথা ছিল রাখীর। শো-এর বিজয়ী ব্যবসায়ী ইলেশ পারুজানওয়ালা (Elesh Parujanwala)-র গলায় মালা দিয়েছিলেন রাখী এবং তাঁদের বাগদানও হয়েছিল। যদিও পরবর্তীতে সেই সম্পর্ক টেকেনি এবং তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘ সময় পর সেই বিতর্কিত শো এবং নিজের অতীতের সিদ্ধান্ত নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
কেন স্বয়ংম্বরে অংশ নিয়েছিলেন রাখী? ইলেশের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই প্রশ্ন উঠত, যদি সম্পর্ক টিকিয়ে রাখারই ইচ্ছে না থাকে, তবে কেন সেই শো করেছিলেন রাখী? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন সত্যই ফাঁস করেছেন অভিনেত্রী। রাখীর কথায়, “আমি তো বর খুঁজতে স্বয়ংম্বরে গিয়েছিলাম। কিন্তু যে সমস্ত ছেলেদের জোগাড় করে আনা হয়েছিল, তারা সবাই স্ট্রাগলার। সেই সময়ে আমার বয়স খুব কম ছিল, আমি টিনএজার ছিলাম বলা যায়। আমার সেই সময়ে বলিউডে কাজ পাওয়াই লক্ষ্য ছিল।”
অভিনেত্রী আরও বলেন, সেই সময়ে তিনি ভাড়াবাড়িতে থাকতেন এবং নিজের একটা বাড়ি তৈরির জন্য টাকার খুব প্রয়োজন ছিল। ভালোবাসা খোঁজার চেয়ে তাঁর একমাত্র ফোকাস ছিল মোটা অঙ্কের টাকা উপার্জনের ওপর। প্রযোজক ও পরিচালকরা চিত্রনাট্য বুঝিয়ে দিলেও তাঁর মন কেবল টাকার দিকেই ছিল বলে জানান রাখী। উল্লেখ্য, ইলেশের সঙ্গে বাগদানের পর তাঁরা কিছু দিন লিভ-ইন বা একত্রবাসও করেছিলেন, কিন্তু মতের অমিল হওয়ায় শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়।