ওয়াইল্ড কার্ডে কি তবে বিগ বসের ঘরে এন্ট্রি নিচ্ছেন শন? হাঁটুর সফল অস্ত্রোপচারের পর যা জানালেন অভিনেতা

বিগ বসের ঘরে জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়কে দেখার অপেক্ষায় ছিলেন তাঁর অগণিত অনুরাগীরা। প্রোমোতে অভিনেতার ঝলক সামনে আসার পর থেকেই তাঁর অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। জানা যায়, প্রোমোর শ্যুটিংয়ের সময় নাচের একটি দৃশ্যে হাঁটুতে গুরুতর চোট পান শন। চোট এতটাই মারাত্মক ছিল যে শেষ মুহূর্তে তাঁকে শো থেকে সরে দাঁড়াতে হয়।
তবে এবার নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে অনুরাগীদের সমস্ত উদ্বেগ দূর করলেন অভিনেতা নিজেই। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা জানিয়েছেন, সম্প্রতি তাঁর হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। তাঁর স্বাস্থ্য নিয়ে যাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শন বলেছেন যে চোটের কারণে দ্রুত সার্জারির সিদ্ধান্ত নিতে হয়েছিল। তবে আপাতত তিনি সুস্থ হয়ে ওঠার পথেই রয়েছেন।
শুধু শারীরিক অবস্থার আপডেট দেওয়াই নয়, জীবনের প্রতিকূলতা নিয়েও একটি ইতিবাচক বার্তা দিয়েছেন শন। তাঁর কথায়, জীবনে নানা ধরনের বাধা আসা স্বাভাবিক, কিন্তু সেই পরিস্থিতি মোকাবিলা করে আবার ঘুরে দাঁড়ানোই আসল বিষয়। খুব শীঘ্রই তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চান এবং অনুরাগীদের প্রার্থনা তাঁর এই যাত্রায় বড় শক্তি হয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে শন-এর চোট পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এ বছর আর বিগ বসের ঘরে দেখা যাবে না তাঁকে? সৃজলা গুহর সঙ্গে তাঁর সম্ভাব্য কেমিস্ট্রি দেখার জন্যও মুখিয়ে ছিলেন দর্শকরা। তবে বিগ বস বাংলার যাত্রা সবে শুরু হওয়ায় ওয়াইল্ড কার্ডের মাধ্যমে শনকে ঘরে ফেরানো হতে পারে কি না, সেই নিয়ে জল্পনা রয়েই গেছে। অন্যদিকে, জীতু কমলের সম্ভাব্য ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েও সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। তবে সব জল্পনা ছাপিয়ে এই মুহূর্তে শন বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থ হয়ে ওঠাই ভক্তদের কাছে সবচেয়ে বড় স্বস্তির খবর।