কাশ্মীরে বড় সাফল্য! সেনা-জঙ্গি এনকাউন্টারে খতম এক, দুধপাথরি এলাকায় পর্যটকদের যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা

জম্মু-কাশ্মীরের বদগাম জেলায় জঙ্গি দমন অভিযানে ফের বড় সাফল্য পেল যৌথ নিরাপত্তাবাহিনী। শুক্রবার দুর্গম জঙ্গলে সেনা ও জঙ্গিদের মধ্যে চলা তীব্র গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি একে (AK) রাইফেল। তবে এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে আশঙ্কায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে বাহিনী।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, পুলওয়ামা জেলার পাকেরপোরা এলাকা থেকে একদল সন্দেহভাজন জঙ্গি বদগামের ইউসমার্গ ও দুধপাথরি অঞ্চলের দিকে এগোচ্ছে—এমন নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই যৌথ অভিযান শুরু হয়। বৃহস্পতিবার শুরু হওয়া এই অপারেশন শুক্রবার দ্বিতীয় দিনে পড়েছে। আশদার গলি এলাকায় জওয়ানদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। সেই লড়াইয়েই নিকেশ হয় এক জঙ্গি। তবে এখনও তার পরিচয় জানা যায়নি।

পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা: যেহেতু এই জঙ্গি দমন অভিযানটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান দুধপাথরির কাছাকাছি এলাকায় চলছে, তাই নিরাপত্তার খাতিরে বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত পর্যটকদের ওই নির্দিষ্ট এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে পুরো জঙ্গল ঘিরে ফেলেছে এবং চিরুনি তল্লাশি চালাচ্ছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *