PM Modi on Meloni: দীর্ঘতম মেয়াদে ক্ষমতার রেকর্ড! ইতালির প্রধানমন্ত্রীর জয়ে উচ্ছ্বসিত মোদি তুললেন বন্ধুত্বের কথা

দুই দেশের দুই রাষ্ট্রনেতা। আর তাঁদের ঝুলিতেই রয়েছে দারুণ অর্জনের রেকর্ড। একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন দেশের প্রধানমন্ত্রীর পদে একটানা থেকে ইতিহাস গড়েছেন, তেমনই যুদ্ধ-পরবর্তী ইতালিতে এবার এক অভাবনীয় রেকর্ড গড়লেন তাঁর ‘বন্ধু’ তথা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালির প্রধানমন্ত্রীকে এই বিশেষ সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
কী লিখেছেন নরেন্দ্র মোদি?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স (যেটি আগে টুইটার ছিল) হ্যান্ডেলে লিখেছেন, ‘ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে দীর্ঘতম সময় ধরে নিরবচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী হিসেবে আমার বন্ধু প্রধানমন্ত্রী মেলোনিকে অভিনন্দন জানাই। এই মাইলফলকটি তাঁর নেতৃত্বের প্রতি ইতালীয় জনগণের গভীর আস্থা ও বিশ্বাসের এক উজ্জ্বল প্রতিফলন।’
পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি আরও যোগ করেন, ভারত ও ইতালির মধ্যে ‘বিশেষ কৌশলগত অংশীদারিত্ব’ (Special Strategic Partnership) জোরদার করার ক্ষেত্রে এই বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুই দেশের জনগণের জন্য এক সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।
কোন রেকর্ড গড়লেন জর্জিয়া মেলোনি?
জানা গেছে, ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পেছনে ফেলে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির মেয়াদকালকেও। মেলোনির নেতৃত্বাধীন সরকারই বর্তমানে ইতালীয় প্রজাতন্ত্রের যুদ্ধ-পরবর্তী ইতিহাসে দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা সরকার হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০২২ সালের ২২ অক্টোবর ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মেলোনি। শুক্রবার তাঁর সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ সফলভাবে ১,৪১৩ দিন পূর্ণ করেছে।
উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়ার পর নরেন্দ্র মোদিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছিলেন মেলোনি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই নেতার এই পারস্পরিক সুসম্পর্ক যে আন্তর্জাতিক মহলে যথেষ্ট চর্চায় রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।